২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভার ও ধামরাইয়ে ‘দাম্পত্য কলহে’ দুই খুন

ঢাকার সাভার ও ধামরাইয়ে ‘দাম্পত্য কলহের জের ধরে’ দুটি হত্যাকাণ্ডের অভিযোগ পাওয়া গেছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2014, 01:09 PM

Updated : 25 Apr 2022, 04:48 PM

এর মধ্যে ধামরাইয়ে স্বামীকে হত্যার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর সাভারের আশুলিয়ায় এক নারীর লাশ উদ্ধারের পর তার স্বামীকে খোঁজা হচ্ছে।   

নিহতরা হলেন- ধামরাইয়ের কসমস এলাকার মাইজুদ্দিনের ছেলে মোগর আলী (৩০) ও আশুলিয়ার কাইচাবাড়ি এলাকার জেসমিন আক্তার প্রিয়াঙ্কা (২২)।

পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ধামরাই থানার ওসি ফিরোজ তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার ভোরে কসমস এলাকায় মোগর আলী ও তার দ্বিতীয় স্ত্রী রোকসানা আক্তারের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্ত্রী লাথি মারলে ঘটনাস্থলেই মোগর আলীর মৃত্যু হয়।

পরে স্থানীয়রা রোকসানা আক্তারকে আটকে রেখে পুলিশে খবর দেয় বলে জানান ওসি।

তিনি বলেন, “মোগর আলীর দুই স্ত্রী। এ কারণে পারিবারিক কলহ লেগেই থাকত। রোকসানাকে গ্রেপ্তার করা হয়েছে।”

এদিকে আশুলিয়ার কাইচাবাড়ি এলাকার বাবু মিয়ার বাড়ির একটি তালাবন্ধ কক্ষ থেকে বৃহস্পতিবার গভীর রাতে জেসমিন আক্তার প্রিয়াঙ্কার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার এসআই আজাহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রিয়াঙ্কা ও তার স্বামী ওই ঘরে ভাড়া থাকতেন।

“প্রতিবেশীরা বলছেন, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকত। তবে তারা কেউ স্বামীর নাম বলতে পারেননি।

প্রিয়াঙ্কাকে শ্বাসরোধে হত্যার পরে গলায় ওড়না পেঁচিয়ে জানালার সঙ্গে ঝুলিয়ে রেখে ঘরে তালা দিয়ে তার স্বামী পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

প্রতিবেশীরা ওই কক্ষ থেকে পচা দুর্গন্ধ পেয়ে বৃহস্পতিবার পুলিশে খবর দেয়। প্রিয়াঙ্কাকে ২/৩ দিন আগে হত্যা করা হয়ে থাকতে পারে বলে পুলিশের ধারণা।