সিরাজগঞ্জে পূজার অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় লক্ষ্মীপূজার উৎসবে বিদ্যুতের তারে জড়িয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও দুইজন।
সলঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ারুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত ১টার দিকে নলকা ইউনিয়নের দাদপুর দাসপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত জাহিদ হোসেন (১৫) উপজেলার ঘুড়কা ইউনিয়নের চকগোবিন্দপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
আহত শাহিন (১৭) ও এনামুল হোসেনকে (১৬) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয় স্বপন চন্দ্র দাস জানান, পূজার উৎসবে আনন্দ করার সময় জেনারেটরের তারে জড়িয়ে পড়ে জাহিদ। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ওই ঘটনার পর উৎসবের মাঝে নেমে আসে শোকের ছায়া।
সলঙ্গা থানা পূজা উৎযাপন পরিষদের সভাপতি ফনিন্দ্র নাথ পোদ্দার জানান, ঘুড়কা ও পাশাপাশি দাদপুর গ্রামের অধিকাংশ বাড়িতেই প্রতিবছর লক্ষ্মীপূজায় আলোকসজ্জার ব্যবস্থা হয়। আশপাশের গ্রাম থেকেও বিভিন্ন ধর্মের লোকজন এই অনুষ্ঠানে যোগ দিতে আসেন।
