২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরসরাইয়ে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের মিরসরাইয়ে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে উপজেলা ছাত্রদলের আহ্বায়ককে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2014, 12:10 AM

Updated : 22 Aug 2022, 07:17 PM

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শায়েরখালী ভোরের বাজারে আড্ডা দেওয়ার সময় একদল সন্ত্রাসী আদিল মাহমুদ চৌধুরীকে (৩০) কুপিয়ে জখম করে বলে পুলিশ জানিয়েছে।

আদিলকে প্রথমে মিরসরাই মাতৃকা হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে রাত ১১টার দিকে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পংকজ বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আদিল নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

ছাত্রদল নেতা আদিল মিরসরাই উপজেলার শায়েরখালী এলাকার আবু তাহের চৌধুরীর ছেলে।

চট্টগ্রাম জেলা পুলিশের সীতাকুণ্ড সার্কেলের এএসপি সালাউদ্দিন শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জমি নিয়ে আদিলদের সঙ্গে এলাকায় অন্য এক পক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে উভয়পক্ষের করা দুটি মামলাও মিরসরাই থানায় রয়েছে।”

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, রাত সাড়ে ৮টার দিকে আদিল সহযোগীদের নিয়ে বাজারে আড্ডা দিচ্ছিলেন। সন্ত্রাসীরা তাকে এক পাশে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে চলে যায়।

এএসপি সালাউদ্দিন শিকদার বলেন, স্থানীয় তিন ভাই আবুল কালাম আজাদ, শাহ আলম ও শফিউল আলমের সহযোগীরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তাদের সঙ্গেই আদিলদের সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল।

মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন জমি নিয়ে আদিলদের বিরোধ থাকার বিষয়টি স্বীকার করলেও এই হত্যাকাণ্ডের জন্য ছাত্রলীগকে দায়ী করেছেন।