চট্টগ্রামের জমি নিয়ে সংঘর্ষে মৃত্যু: সড়ক অবরোধ
চট্টগ্রামের চন্দনাইশে জমি নিয়ে বিরোধে সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যুর পর চট্টগ্রাম-কক্সবাজার সড়ক অবরোধ করে স্থানীয়রা।
বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে মহাসড়কের চন্দনাইশ রৌশন হাটে দুদফায় প্রায় আধঘণ্টা অবরোধ করে রাখে বলে পুলিশ জানায়।
গত ৪ অক্টোবর রৌশন হাট এলাকায় জায়গা দখল নিয়ে হাজী বাছা মিয়া ও দুলা মিয়ার লোকদের মধ্যে সংঘর্ষ ও গুলি বিনিময় হয়। এতে গুলিবিদ্ধ বাছা মিয়ার ছেলে মোজাফ্ফর আহমেদ (৪০) বৃহস্পতিবার বেলা ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
চন্দনাইশ থানার ওসি আবুল কাশেম ভূইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মৃত্যুর খবর জানাজানি হলে বিক্ষুব্ধ স্থানীয় লোকজন বিকাল ৪টার দিকে মহাসড়কের ওপর অবস্থান নেয়।
তিনি বলেন, মোজাফ্ফরের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে স্থানীয়রা দুদফায় মহাসড়ক অবরোধ করে। পরে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়া হয়।
ওসি জানান, গত ৪ অক্টোবর দুপক্ষের সংঘর্ষের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং একটি মামলাও হয়েছে।
স্থানীয় লোকজন জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধের পরে দক্ষিণ চট্টগ্রাম ও শহরমুখী লোকজনকে ব্যাপক ভোগান্তিতে পড়তে হয়।
