শ্যামনগরে ঘের দখলের সংঘর্ষে নিহত ১
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় চিংড়ি ঘের দখল নিয়ে দুই বাহিনীর সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন, বোমা ও গুলিতে আহত হন অন্তত ১০ জন।
নিহত আজিজুল ইসলাম (৪২) সোরা গ্রামের খলিলুর রহমানের ছেলে।
আহতদের মধ্যে নুরুন্নবী, এবাদত আলী, আব্দুর রাশেদ, আশিক বিল্লাহ, শহিদ সরদার, ফারুক হোসেন ও আবুল হাসেমকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ঘটনাস্থল থেকে নুরুন্নবী ও তার দুই সমর্থক এবাদত আলি ও রাশেদ আহমেদকে গ্রেপ্তার করেছে।
সংঘর্ষ চলাকালে দুপক্ষই বোমা, বন্দুক ও ধারালো অস্ত্র ব্যবহার করে বলে পুলিশ কর্মকর্তা জানান।
ওসি আমিনুল ইসলাম জানান, সুন্দরবন লাগোয়া লক্ষ্মীখালির একশ বিঘা জমির ঘের নিয়ে স্থানীয় আবদুল মজিদ ও আসাদুল্লাহ আল গালিবের মধ্যে বিরোধ চলে আসছে দীর্ঘদিন ধরে।
দুই বছর আগে আসাদুল্লাহ আল গালিব প্রতিপক্ষের হামলায় নিহত হন। এরপর আকিজউদ্দিন নামের আরও একজন নিহত হন। বর্তমানে এ ঘেরের একাংশ দেখাশুনা করেন গালিবের ছেলে নুরুন্নবী।
সম্প্রতি এই ঘেরের বিরোধ স্থানীয় সালিশির মাধ্যমে নিষ্পত্তি হয়। তবে, গত তিন চারদিন ধরে আবার উত্তেজন শুরু হয়।
ওসি বলেন, বৃহস্পতিবার নুরুন্নবী তার সমর্থকদের নিয়ে ঘেরে গেলে মজিদ বাহিনীর লোকজন বাধা দেয়। এতে সংঘর্ষ শুরু হয়ে যায়।
ষংঘর্ষ চলাকালে ঘেরের মাছ ও অন্যান্য সম্পদ লুটপাট হয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করে।
লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে থানায় পাল্টাপাল্টি মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি আমিনুল।
