২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বিলে ডুবে ৩ শিশুর মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈরে বিলের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2014, 03:40 PM

Updated : 22 Aug 2022, 07:16 PM

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক সজীব খান জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গজারিয়া কাঞ্চনপুর এলাকায় ভাটির বিলে এ ঘটনা ঘটে।

এরা হলো-সাভার থানার হেমায়েতপুর ঋষিপাড়া এলাকার স্বপন দাশের মেয়ে রিশিতা মনিদাস (৮), বিকাশ চন্দ্র দাশের মেয়ে শিমলা মনিদাশ (৭) ও ইন্দ্র চন্দ্র দাশের মেয়ে স্বর্ণা মনিদাশ (১০)।  তারা সম্পর্কে ফুপাতো খালাতো বোন।

তারা তিনজনই হেমায়েতপুরের ব্র্যাক স্কুলে পড়ত। পূজার ছুটিতে পরিবারের সঙ্গে তারা কাঞ্চনপুরে তাদের আত্মীয় সত্যরঞ্জন দাশের বাড়িতে বেড়াতে আসে।

উপ-পরিদর্শক সজীব জানান, ওই বাড়ির পাঁচ শিশু মিলে সকালে নৌকায় করে ভাটির বিলে বেড়াতে যায়। বিলের মধ্যে কচুড়িপানায় আটকে তাদের নৌকা উল্টে গেলে দুই শিশু সাঁতরে পাড়ে উঠলেও তিনজন ডুবে যায়।

খবর পেয়ে এলাকাবাসী এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তিন শিশুকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাজুল ইসলাম তিনজনকেই মৃত ঘোষণা করেন।