সাতক্ষীরায় শিক্ষকের বাড়িতে আগুন দেয়ার অভিযোগ, ৩ জন দগ্ধ
সাতক্ষীরার কলারোয়া উপজেলার এক কলেজ শিক্ষকের বাড়িতে ‘দাহ্য পদার্থ ঢেলে’ আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়েছেন ওই শিক্ষকের স্ত্রী ও দুই ছেলে।
কলারোয়া থানার ওসি মাসুদ করিম জানান, বৃহস্পতিবার ভোররাতে কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া গ্রামে খলিলুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।
তার স্ত্রী ঝর্না বেগম (৩২), ছেলে তানভীর হোসেন (৮) ও আসাদুল ইসলামকে (১১) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এদের মধ্যে তানভীর কলারোয়া পাইলট উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে এবং আসাদ লাঙ্গলঝাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
কলারোয়ার শেখ আমানউল্লাহ কলেজের শিক্ষক খলিলুর রহমান সাংবাদিকদের জানান, বুধবার রাতে তার স্ত্রী দুই ছেলেকে নিয়ে ঘুমাতে যান। তিনি ছিলেন পাশের ঘরে। ভোররাতে বিকট শব্দে ঘুম ভেঙে গেলে তিনি দেখতে পান, ঘরে আগুন জ্বলছে।
তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। গুরুতর দগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়।
সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মারুফ হাসান জানান, তিনজনের অবস্থাই গুরুতর। তাদের শরীরের ৫০ শতাংশের বেশি পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
খলিল অভিযোগ করেছেন, কেউ পেট্রোল বোমা ছুড়ে তার বাড়িতে আগুন দিয়েছে। তবে পুলিশ বিষয়টি নিশ্চিত করতে পারেনি।
কলারোয়ার ওসি বলেন, “ওই ঘরে রাখা খলিলের মোটর সাইকেলের তেলের ট্যাংক আগুনে ফেটে গেছে। পূর্ব শত্রুতার জের ধরে কেউ কেরোসিন বা পেট্রোল ঢেলে ঘরে আগুন দিয়েছে বলে প্রাথমিকভাবে আমরা মনে করছি।”
ওসি বলেন, “স্থানীয়রা বোমার শব্দ শুনতে পাননি। আমরা নিশ্চিত নই। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
