ফিরতি হজ ফ্লাইট: শুরুতেই গড়বড়
হজ শেষে ৪১৯ জন যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের প্রথম ফিরতি ফ্লাইট ঢাকা পৌঁছেছে চার ঘণ্টা দেরিতে।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, জেদ্দা আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বিমানের ফ্লাইট বিজি-২০১২ এর যাত্রা শুরুর কথা ছিল বুধবার রাত দেড়টায়। কিন্তু সেটি রওনা হতেই চার ঘণ্টা দেরি হয়।
এই বিমানের যাত্রীদের সকাল সাড়ে ১০টায় ঢাকার শাহজালাল বিমানবন্দরে নামার কথা থাকলেও বিলম্বের ফলে তারা পৌঁছান বেলা ২টা ৩৫ মিনিটে।
বিমানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা প্রথম ফিরতি ফ্লাইট। যাত্রীদের বিভিন্ন স্থান থেকে জড়ো করতে সময় লেগেছে। সম্ভবত এ কারণেই বিলম্ব হয়েছে।”
বৃহস্পতিবার বিমানের চারটি ফ্লাইটে হাজিদের দেশে ফেরার কথা রয়েছে।
আগামী ৮ নভেম্বর পর্যন্ত হজের ফিরতি ফ্লাইট চালাবে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এই সময়ে মোট ১৩৪টি ফ্লাইট চালানোর কথা বিমানের। সব মিলিয়ে বিমান এবার প্রায় ৫০ হাজার হজযাত্রী পরিবহন করছে।
চলতি বছর সারা বিশ্বের ২০ লাখের বেশি মুসলমান সৌদি আরবে হজ পালন করেন, যার মধ্যে প্রায় এক লাখ বাংলাদেশি। বাংলাদেশে ঈদের আগের দিন ৫ অক্টোবর হজের আনুষ্ঠানিকতা শেষ হয়।
এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দেড় হাজার এবং বেসরকারিভাবে সাড়ে ৯৭ হাজার জন হজে যান।
গত ২৭ আগস্ট বিমানের হজ ফ্লাইট কার্যক্রম শুরু হয়। বাংলাদেশ ও সৌদি আরব সরকারের চুক্তি অনুসারে বিমান ৫০ শতাংশ এবং সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স ও নাস এয়ার ৫০ শতাংশ যাত্রী পরিবহন করছে।
রাষ্ট্রপতি আবদুল হামিদ, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু, ধর্ম মন্ত্রী আবদুল মতিনসহ শতাধিক সরকারি কর্মকর্তা ও রাজনীতিবিদ এবার হজ করেন।
