২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তিন জেলায় ৫২ জেলে দণ্ডিত

প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরায় বুধবার বরিশাল, ভোলা ও চাঁদপুরে ৫২ জেলের জেল-জারিমানার আদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2014, 09:07 PM

Updated : 22 Aug 2022, 07:16 PM

এরমধ্যে রয়েছেন বরিশালে ১০ জন এবং ভোলায় ৩৩ জন।

বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা মো. ওহিদুজ্জামান জানান, সাত জেলেকে কারাদণ্ড দেয়া হয় এবং তিনজনকে জরিমানা করা হয়।

কারাদণ্ডপ্রাপ্ত সাত জেলের কাছ থেকে তিন হাজার মিটার জাল ও ২৫টি ইলিশ মাছ জব্দ করা হয়।

দণ্ডিতরা হলেন বরিশাল সদরের চন্দ্রমোহন এলাকার মো. ফিরোজ, মো. কামাল, খায়ের মোল্লা, শায়েস্তাবাদ এলাকার কামারপাড়ার কামাল হাওলাদার, সিদ্দিক, আল-আমিন ও জাফর।

এদের প্রত্যেককে ১০ দিন করে কারাবাস দেয়া হয়েছে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক শীতেষ চন্দ্র সরকার।

মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত কীর্তনখোলা, আড়িয়াল খাঁ, তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে এদেরকে আটক করে মৎস্য অধিদপ্তর ও কোস্ট গার্ড।

এছাড়া উজিরপুর থেকে আটক শাহীন, জয়দেব ও পলাশ নামে তিন জেলেকে এক হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ভোলায় দণ্ডিত ৩৩

মেঘনা নদীতে ইলিশ ধরার অপরাধে স্থানীয় মৎস বিভাগ ৩৩ জেলেকে আটক করেছে। এরমধ্যে ২০ জনকে এক বছর করে এবং এক জনকে দেড় বছরের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যজিস্ট্রেট ইমতিয়াজ আহমেদ।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা প্রীতিশ কুমার মল্লিক জানান, স্থানীয় মৎস্য বিভাগ, পুলিশ, কোস্ট গার্ড লালমোহন, তজুমদ্দিন ও দৌলতখান উপজেলার মেঘনা নদীতে মাছধরা অবস্থায় ৩৩ জেলেকে আটক করে।

এর মধ্যে ২০ জন এক বছর করে এবং এক জনকে দেড় বছরের কারাদণ্ড দেয়া হয়। অন্যরা বিভিন্ন অংকের অর্থদণ্ড দিয়ে মুক্তি পান।

ইলিশ রক্ষায় ৫ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত দেশের উপকূলীয় এলাকায় মাছ ধরা, পরিবহন ও সংরক্ষণ নিষেধ করেছে সরকার। এ নিষেধ অমান্যকারীর শাস্তির বিধান রয়েছে।

চাঁদপুরে পুলিশ-কোস্ট গার্ডের উপর হামলা, দণ্ডিত ৯

ইলিশ মাছ শিকারের অভিযোগে নয় জেলেকে আটক করার পর চাঁদপুরে পুলিশ ও কোস্ট গার্ডের উপর হামলা চালিয়েছে জেলেরা।

বুধবার সকালে চাঁদপুরের হরিণা এলাকায় মেঘনা নদীতে অভিযানের সময় এ হামলার ঘটনা ঘটে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী কয়েকরাউন্ড গুলিও ছোড়ে।

চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর জানান, বুধবার সকালে চাঁদপুরের হরিণা এলাকায় মেঘনা নদীতে কোস্টগার্ড ও পুলিশ অভিযান চালায়।

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ শিকার করায় ধাওয়া খেয়ে জেলেরা খেপে গিয়ে ইট-পাটকেল নিক্ষেপ করে।

“পরিস্থিতি শান্ত করতে পুলিশ ও কোস্টগার্ড ২৬ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে।”

ঘটনাস্থল থেকে মাছভর্তি মাইক্রোসহ ৫ মণ ইলিশ ও ৯ জেলেকে আটক করা হয়। পরে আটক ৯ জেলের প্রত্যেককে ভ্রাম্যমাণ আদালতে দুই বছরের কারাদন্ড ও আটক ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়।