২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যারম খেলা নিয়ে সংঘর্ষ, বাবা নিহত- ছেলে আহত

গাজীপুরে ক্যারম খেলা নিয়ে সংঘর্ষে এক ব্যক্তি নিহত ও তার ছেলে আহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2014, 09:59 AM

Updated : 22 Aug 2022, 07:16 PM

গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ খাইলকুর এলাকায় মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে বলে জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সফিকুল ইসলাম জানান।

নিহত মোতালেব মিয়া (৩৯) দক্ষিণ খাইলকুর এলাকার বাসিন্দা। প্রতিপক্ষের কিল-ঘুষিতে তার ছেলে হুমায়ুন কবির (১৯) আহত হয়েছেন।

এসআই সফিকুল জানান, রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় সজীব, লিমন ও কবিরসহ চার তরুণ মিলে ক্যারম খেলছিলেন। খেলা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে অন্যরা কবিরকে মারধর করে।

“ছেলেকে মারধরের খবর পেয়ে বাবা মোতালেব মিয়া ঘটনাস্থলে ছুটে যান এবং ছেলেকে মারধরের কারণ জানতে চাইলে সজীব ও লিমনসহ তাদের সঙ্গীরা তার উপর চড়াও হয়। এলোপাথাড়ি কিল-ঘুষির এক পর্যায়ে মোতালেব মাটিতে লুটিয়ে পড়েন।”

খবর পেয়ে পুলিশ গিয়ে বাবা-ছেলেকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোতালেবকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।