ঈদের দ্বিতীয় দিনেও জবাই, নতুন বর্জ্য
ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীর বিভিন্ন স্থানে পশু কোরবানি হয়েছে। ফলে সিটি কর্পোরেশনকে বর্জ্য অপসারণ করতে হচ্ছে নতুন করে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শক হাবিবুর রহমান তালুকদার বলেন, “কোরবানির প্রথম দিনের বর্জ্য শতভাগ সরানো হয়েছে। দ্বিতীয় দিনও কোরবানি হওয়ায় আমাদের ওপর বাড়তি চাপ পড়ছে।”
রীতি অনুযায়ী ঈদের তৃতীয় দিন সকালেও কেউ কেউ পশু কোরবানি দেবেন। ফলে ঘোষণা অনুযায়ী ৪৮ ঘণ্টার মধ্যে ঢাকাকে সাফ করা সিটি কর্পোরেশনের জন্য কঠিন হয়ে দাঁড়াবে।
ঈদের পরদিন মঙ্গলবার পুরান ঢাকা, নিউ মার্কেট ও ধানমণ্ডি এলাকায় অনেকেই পশু জবাই করেন। অনেককে কোরবানির জন্য গরু নিয়ে দাঁড়িয়ে থাকতেও দেখা যায়।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আব্দুর রহমান বলেন, মঙ্গলবার পুরান ঢাকায় কয়েকশ গরু জবাই করা হয়। বুধবারও অনেকে কোরবানি দেওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছেন।
ফলে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের সারাক্ষণই বর্জ্য সরাতে ব্যস্ত থাকতে হচ্ছে।
এ অবস্থায় ৪৮ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ সম্ভব হবে কি না জানতে চাইলে আব্দুর রহমান বলেন, “গতকালের বর্জ্য সরিয়ে নেয়া হয়েছে। তবে আজ নতুন করে কোরবানি হওয়ায় নতুন বর্জ্য জমেছে। আমরা চেষ্টা করছি সম্ভব দ্রুততম সময়ে সব পরিষ্কার করতে।”
সিটি কর্পোরেশনের হিসাবে রাজধানীতে কোরবানির সময়ে কম-বেশি ৪৪ হাজার টন পশুর বর্জ্য জমে, যা সরাতে ঈদের সকাল থেকেই ময়লার গাড়ি ও অন্যান্য সরঞ্জাম নিয়ে মাঠে রয়েছেন প্রায় ১৩ হাজার কর্মী।
দুর্গন্ধ ছড়ানোর মাত্রা কমিয়ে আনতে এ বছর সিটি কর্পোরেশন থেকে বিশেষ ধরনের পলিব্যাগ ও ব্লিচিং পাউডার সরবরাহ করা হয়েছে বলে কর্মকর্তারা জানান।
সিটি কর্পোরেশনের কর্মীরা ময়লার গাড়ি ও জীবানুনাশক নিয়ে এলাকায় এলাকায় ঘুরে বর্জ্য সংগ্রহ করে পাঠাচ্ছেন ডাম্পিং স্টেশনে।
পশুর বর্জ্য যত্রতত্র না ফেলতে ঈদের আগে দুদিন মাইকিং ও লিফলেট বিতরণ করে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।
রাজধানীকে বর্জ্যমুক্ত করতে ঢাকার দুই সিটি কর্পোরেশনের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।
