২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ইলিশ ধরায় ৯ জেলে দণ্ডিত

নিষেধাজ্ঞা অমান্য করে প্রজনন মৌসুমে ইলিশ ধরায় বরিশালে নয় জেলেকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2014, 04:45 PM

Updated : 22 Aug 2022, 07:16 PM

কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার শাওনেওয়াজ জানান, সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত তেঁতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার মিটার জাল জব্দ এবং ১০ কেজি ইলিশ মাছ উদ্ধার হয়।

আটক জেলেরা হলেন- বরিশালের রাসেল পালোয়ান, রুবেল পালোয়ান, অলিউল গাজী, কালু মাঝি, শারু হালদার, রাজ্জাক মিয়া, মো. বেল্লাল, ভোলার মো. রিপন ও মো. শরীফ।

মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানান, আটকের পর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেক জেলেকে দুই হাজার টাকা করে জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সিতেষ চন্দ্র সরকার।

মাছ শিকারে সরকারের নিষেধাজ্ঞা কার্যকর করতে মৎস অধিদপ্তর ও কোস্টগার্ড যৌথভাবে তেঁতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালিয়েছিল বলে জানান তিনি।

প্রজনন মৌসুমে ৫ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত (১১ দিন) পদ্মা ও মেঘনা নদীর ১০০ কিলোমিটার এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করেছে সরকার।

এ সময়ে মাছ ধরা, পরিবহন, বিক্রি ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ। এ আদেশ অমান্য করলে এক মাস থেকে সর্বোচ্চ ৬ মাস কারাদণ্ড এবং এক হাজার থেকে ৫ হাজার টাকা পর‌্যন্ত জরিমানা করার বিধান রয়েছে।