মুখর আদালতপাড়ার আরেক রূপ
ঢাকার জজ আদালত এলাকার প্রধান বৈশিষ্ট্য হলো আইনজীবী ও বিচারপ্রার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষের পদভার মুখরতা।
কিন্তু সোমবার ঈদের দিনে ঢাকার আদালতপাড়ার রূপ একেবারেই বদলে যায়, একেবারে সুনসান অন্য ছুটির দিনগুলোর চেয়েও নীরব।
এর মধ্যে হাতে গোনা কয়েকটি মামলা চলে বিভিন্ন আদালতে। এদিন রাজধানীর বিভিন্ন থানা থেকে মাত্র ৫৯ জন আসামি মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়।
এদের মধ্যে ১০ জন আটক হন পাঁচ আনি অর্থাৎ ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশের (ডিএমপি অ্যাক্ট) মামলয়। পাঁচ আনির মামলাগুলোতে জরিমানা দিয়ে সবাই মুক্তি পান। তবে নিয়মিত মামলায় কোনো আসামির জামিন মেলেনি।
ছুটির দিনে জরুরি পরিস্থিতি হিসেবে দুজন বিচারক দায়িত্বে থাকেন। ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারকৃতদের পক্ষে জামিন অথবা তাদের পুলিশ হেফাজতে (রিমান্ড) নেওয়ার শুনানি করতে কয়েকটি আদালত খোলা থাকে।
কিন্তু সোমবার ঈদের দিনে ছিলেন শুধু মহানগর হাকিম অশোক কুমার দত্ত। বিকাল ৪টায় তিনি এজলাসে ওঠেন। অপর হাকিম অমিত কুমার দের বসার কথা থাকলেও তিনি আসেননি।
মুখ্য মহানগর হাকিম আদালতেও একই দৃশ্য।
কোর্ট হাজতের ওসি মুরাদ হোসেন ছুটিতে। তাই পুলিশের এএসআই মমিনুল হক দায়িত্ব পালন করছিলেন। হাজতের নিবন্ধন খাতায় তখনো আসামির সংখ্যা ২৫ জন।
এসআই মমিনুল বলেন, “এইমাত্র দুপুরের খাবার খেয়ে নিলাম। এরপর খাওয়ার সুযোগ নাও মিলতে পারে।”
হাজতখানায় ঢুকে গেছেন আইনজীবী মোহাম্মদ মাসুদুর রহমান বাদল। তার মোয়াক্কেল পোশাকশ্রমিক রেখার (৩০) বিরুদ্ধে কদমতলী থানায় স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগ রয়েছে।
রেখা মামলার এজাহারের কাগজই আদালতে পৌঁছেনি ঈদের ছুটির কারণে। আর সেজন্য জামিন আবেদন করা হলেও নথিপত্রের অভাবে তার পক্ষে শুনানিও করা যায়নি। তাই রেখাকে যেতে হয়েছে জেলখানায়। তবে হাকিম আগামি ৯ অক্টোবর শুনানির জন্য দিন রাখেন।
রেখার আত্মীয় ঢাকার শ্যামপুরের রেশমা খালি হাতেই ফিরে যান আদালত থেকে।
পল্লবীতে গত ৩০ সেপ্টেম্বর খুন হন ১৫ বছর বয়সী মেহেদী হাসান।
কথিত মাদকব্যবসায়ী শাহীনূর আর নান্নুসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ, তারা মেহেদীকে তার ১১ নম্বর সেকশনের সি ব্লকের ১০ নম্বর সড়কের বাসা থেকে ডেকে নিয়ে যায় এবং পরে খুন করে।
আদালতের সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা উপ-পরিদর্শক মোকসেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিন ধরে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়া নারী শাহীনূরকে সোমবার কারাগারে পাঠানো হয়। কিন্তু সোমবার ঈদের দিনে শাহীনূরেরর পক্ষে আইনজীবী বা কোনো আত্মীয়কে আদালতে দেখা যায়নি।
এ থানার আরেকটি মামলার এক আসামি জাহিদ (২৯)।
তার বিরুদ্ধে অভিযোগ, পল্লবীর ১১ নম্বর সেকশনের বি ব্লকের ১২ নম্বর সড়কে একটি জায়গায় ৬ কেজি গাঁজা, ৭৮ বোতল বাংলা মদ উদ্ধার করা হয় তার কাছ থেকে।
জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের হেফাজতের আবেদন করা হলে ৩ দিন মঞ্জুর করা হয়।
বনানী এলাকা থেকে চাঁদাবাজির অভিযোগে রোববার গ্রেপ্তার হন দুই ভাই আসাদুর রহমান আর সাজ্জাদুর রহমান।
এজলাসে হাকিমের সামনে তারা বলেন, ব্যবসায়িক ভুল বোঝাবুঝির কারণে তাদের বিরুদ্ধে এ মিথ্য মামলা করা হয়েছে। তাদের মঞ্জুর করা হয় দুই দিনের রিমান্ড।
দেখা হয় মামলার আসামিদের থানা থেকে আদালতে নিয়ে আসার দায়িত্বপ্রাপ্ত কনস্টেবল আনিছুর রহমান ও জসীম মিয়ার সঙ্গে।
বিকেল ৪টায়ও দুপুরের খাবার খাওয়ার সুযোগ মেলেনি আনিছুরের। আর জসীম দুপুরের অর্ধেক খাবার পুরোপুরি শেষ না করেই ছুটে আসেন আদালতে।
জসীম জানান, এবার বাড়িতে ঈদ করার ইচ্ছা থাকলেও ছুটি না পাওয়ায় তিনি এরকম দিনেও আদালতে আটকে পড়েছেন।
মুখ্য মহানগর হাকিম (চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট) আদালতের পাশেই মুখ্য বিচারিক হাকিমের (চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট) আদালত।
ঈদের ছুটিতে মুখ্য বিচারিক হাকিমের আদালতের ১০ হাকিমের মধ্যে বিকাল ৫টায় মাত্র একজন হাকিম সিরাজ জিন্নাত বসেছেন জরুরি শুনানি করার জন্য।
