নগরজুড়ে গরুর হাট
যানজটের ঝক্কি এড়াতে সরকার রাজধানীতে গরুর হাটের স্থান নির্ধারণ করে দিলেও কোরবানির ঈদের আগের দিন হাটের বাইরেও অলিতে গলিতে পশু কেনাবেচা চলছে।
অনেক ক্রেতা শেষ মহূর্তে দাম কমার আশায় থাকলেও রোববার বিকাল পর্যন্ত তেমন কোনো লক্ষণ দেখা যায়নি।
ঈদের আগের দিন হাটগুলোতে প্রচুর পশুর সরবরাহ থাকলেও আগের দিনের সঙ্গে দামের হেরফের লক্ষ্য করা যায়নি খুব একটা।
গাবতলী গরুর হাট ঘুরে দেখা গেছে বড় গরুর প্রতি ক্রেতাদের তেমন আগ্রহ নেই। ক্রেতারা মাঝারি আর ছোট গরু কিনছেন। একই দৃশ্য আগারগাঁওয়ের অস্থায়ী পশুর হাটেও।
এসব হাটে মাঝারি গরু পাওয়া যাচ্ছে ৩৫ হাজার থেকে ৬০ হাজার টাকার মধ্যে। আর বিক্রেতারা ছোট গরুর দাম হাঁকছেন ১৮ থেকে ২০ হাজার টাকা।
বড় গরু কেনার জন্য হাটে গিয়েও ২/৩টি মাঝারি গরু কিনে বাড়ি ফিরেছেন অনেকে।
গত ২৯ সেপ্টেম্বর পাবনা থেকে পাঁচটি বড় গরু নিয়ে ঢাকা আসেন মুন্সী ব্যাপারী। তার মধ্যে রোবরার দুপুর পর্যন্ত চারটি গরু বিক্রি করতে পেরেছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বললেন, “এটাও বিক্রি হয়ে যাবে।”
বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দিয়ে মাঝারি আকারের চারটি গরু নিয়ে ফিরতে দেখা গেল এক ক্রেতাকে। দাম জানতে চাইলে বললেন, মোট ২ লাখ ৩০ হাজার টাকা।
দুপুরে আগারগাঁও বাজার ঘুরে একটিও বড় গরু চোখে পড়েনি। বাজারে ছোট ও মাঝারি গরুগুলোর চেয়ে আকারে যে গরুটি বড় মনে হয়েছে, তার দাম হাঁকা হচ্ছিল ৯০ হাজার টাকা।
গরুর ধরন অনুযায়ী দামেও কিছুটা হেরফের দেখা গেছে।
গাবতলী এবং আগারগাঁও হাটে অস্ট্রেলিয়ান জাতের যে গরুর দাম ৪০ হাজার টাকা, প্রায় একই আকারের দেশি গরুর দাম চাওয়া হচ্ছে ৬০/৬৫ হাজার টাকা।
আবার ভারত থেকে আসা সিন্ধি গরুর দাম এর মাঝমাঝি পর্যায়ে।
গাবতলীর হাটে হাসিল আদায়কারী রহমত জানান, সকাল থেকে দুপুর পযন্ত তার হাত দিয়ে ৬০টি গরুর হাসিল আদায় করা হয়েছে। এসব গরুর প্রায় সবগুলোই মাঝারি আকারের; দাম ৩৫ থেকে ৭০ হাজার টাকার মধ্যে।
তিনি জানান, সিটি কর্পোরেশনের নির্ধারিত হারে শতকরা ৫ টাকা হাসিল আদায় করা হচ্ছে প্রতিটি গরুর জন্য।
রোবার দুপুর দেড়টার দিকে ছোট তিনটি ট্রাকে গরু নিয়ে আগারগাঁও হাটে আসেন হাসান হাওলাদার ব্যাপারী।
তিনি জানান, এর আগে তার আনা ২০টি গরুর মধ্যে ১৬টি বিক্রি হয়ে গেছে। তাই ফোন করে আরো ১৮টি আনালেন।
“আগের গরুগুলোতে মোটামুটি লাভ হইছে। নতুনগুলার দাম আগের মতোই রাখতে চাই। তবে শেষ মহূর্তে কিছু বলা যায় না।”
সামাদ শেখ নামের আরেক ব্যাপারী বলেন, “গরু নিয়ে হাটে আসছি বিক্রির জন্য। বাসায় ফেরত নিয়ে যাওয়ার জন্য না। তবে ‘লস’ দেওয়া যাবে না।”
বছিলা অটিবাজার থেকে ছয়টি গরু নিয়ে মোহাম্মদপুরের নুরজাহান রোডে বিক্রি করতে এসেছেন সলিম মিয়া। কিন্তু পুলিশ তাড়ায় ক্রেতাদের সঙ্গে ঠিকমতো দামদরও করতে পারছিলেন না।
এক ফাঁকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রশ্নের জবাবে তিনি বলেন, ছয়মাস আগে আটটি গরু কিনেছিলেন। সেগুলোকে এতোদিন রেখে এখন বিক্রির চেষ্টায় আছেন।
“গরুপ্রতি খরচ হইছে ৩২ হাজার টাকার মতো। এক গরুতে ৫/৬ হাজার টাকা লাভ থাকলেই আমি খুশি। দুইটা বেইচা ভাল দামই পাইছি।”
আগারগাঁও হাটের ইজারাদার এসএম জাহিদ বলেন, “সময় আর নাই। সবাই নিজের লাভ চায়। ব্যাপারীরা চায় গরু বিক্রি করতে, আর ক্রেতারা গরু নিয়ে বাসায় ফিরতে চায়। সন্ধ্যার পর দাম কমতে পারে।”
