বিএনপির অর্ধশত নেতাকর্মীর আ. লীগে যোগদান
রাজশাহীর চারঘাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তহমিনা খাতুনসহ অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মী আওয়ামী লীগে যোগাদন করেছেন।
রোববার দুপুরে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যোগদানকারীদের মধ্যে চারঘাট উপজেলা ছাত্রদল সভাপতি জিয়ার রহমান জিয়ার স্ত্রী তহমিনা খাতুন ছাড়াও রয়েছেন শলুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রবিউল ইসলাম।
চারঘাট উপজেলা আওয়ামী লীগ আয়োজিত যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৬(চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
সদ্য যোগদান করা বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, বিএনপি শুধু নিজেদের ভাগ্য উন্নয়নের রাজনীতি করে। তাদের দলে নেই কোনো উন্নয়নের ছোঁয়া। আছে শুধু দুর্নীতি আর লুটপাট।
তাই অন্যায়কে পিছনে ফেলে দলে দলে আওয়ামী লীগের রাজনীতিতে অনেকে যুক্ত হচ্ছেন, বলেন তিনি।
উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপজেলা যুগ্ন আহ্বায়ক আবু কালাম আজাদ, পৌর সভাপতি সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক একরামুল হক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্বাস আলী শেখ প্রমুখ।
