২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় কয়েদির ‘আত্মহত্যা’

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারগারে এক কয়েদির গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2014, 02:11 PM

Updated : 22 Aug 2022, 07:15 PM

মৃত আব্দুল করিম (৭৫) একটি হত্যা মামলার প্রধান আসামি ছিলে। তিনি নাসিরনগরের পূর্বভাগ গ্রামের বাসিন্দা।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের তত্ত্বাবধায়ক গিয়াস উদ্দিন জানান, শনিবার ভোর ৫টার দিকে কারা হাসপাতালের টয়লেট থেকে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। 

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “টয়লেটের জানালার গ্রিলের সঙ্গে লুঙ্গি আটকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ছিল তার মৃতদেহ।”

কারা তত্ত্বাবধায়ক জানান, বিচারাধীন একটি হত্যা মামলায় ৩০ সেপ্টেম্বর জেলা জজ আদালত আব্দুল করিমকে কারাগারে পাঠায়। শুক্রবার চিকিৎসার জন্য তাকে কারা হাসপাতালে নেওয়া হয়।

ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

নাসিনগর থানার ওসি আব্দুল কাদের জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে পূর্বভাগ গ্রামের জহুর আলীর মেয়ে তাছলিমাকে খুন করে প্রতিপক্ষের লোকজন। আব্দুল করিম ওই হত্যা মামলার প্রধান আসামি।