বেহাল মহাসড়কে নাজেহাল চালক
দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ঢাকা-বরিশাল মহাসড়কের দুর্দশায় দক্ষিনাঞ্চলের সড়ক পথে চলাচলকারী যানচালকদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
গত ঈদুল ফিতরের পরেই এই মহাসড়কের সংস্কার কাজ শুরু হওয়ার কথা থাকলেও বাস্তবে তা হয়নি। ফলে দীর্ঘ সড়কের অনেক জায়গায়ই তৈরি হয়েছে ছোট-বড় নানা গর্ত, যাতে ঝুঁকি নিয়েই চলছে যান।
ঢাকা-বরিশাল রুটের হানিফ পরিবহনের চালক মিরাজ হোসেন বলেন, "বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ভূরঘাটা পর্যন্ত ৪৭ কিলোমিটার সড়কের অবস্থা খুবই খারাপ। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।"
কোরবানি ঈদকে সামনে রেখে ইটের খোয়া ফেলে সড়ক বিভাগের অস্থায়ী মেরামতের চেষ্টায় কোনো লাভ হয়নি।
কুষ্টিয়া থেকে কাঁচামাল নিয়ে বরিশালে নগরীতে যাওয়ার পথে মহাসড়কের বাটাজোর এলাকায় চাকা ফেটে বিকল হয়েছে একটি ট্রাক।
ওই ট্রাকের চালক রহমান আলী বলেন, "খানাখন্দে ভরা সড়কে চলতে গিয়ে চাকা ফেটে গেছে। নতুন চাকা আনতে শহরে লোক পাঠানো হয়েছে। সময় মতো মাল পৌছতে না পারলে এতে পচন ধরবে।"
জিএম পরিবহনের চালক রশিদ মিয়া বলেন, "ভাঙ্গা এই সড়কে চলতে গিয়ে প্রায় গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হচ্ছে, ভেঙ্গে যাচ্ছে। রোজার ঈদের আগে বলেছিলো, ঈদের পরে সড়কের কাজ শুরু হবে। কিন্তু কাজ শুরুর কোন আলামতই তো দেখা যাচ্ছে না।"
রহিম সরদার নামের এক অটোরিকশা চালক বলেন, "সড়কের গর্তে চাকা পড়ে বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটেছে। এতে হতাহতের সংখ্যাও বাড়ছে।"
এ ব্যাপারে বরিশাল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. খালেদ শাহেদ বলেন, "ঢাকা-বরিশাল মহাসড়কের ভূরঘাটা পর্যন্ত ৪৭ কিলোমিটার সড়কের মধ্যে ৩১ কিলোমিটার সড়কের অবস্থাই খারাপ। এই সড়ক সংস্কারের জন্য সাড়ে ১৪ কোটি টাকার টেন্ডার প্রক্রিয়া ইতোমধ্যে শেষ হয়েছে। তবে বৃষ্টি ও বৈরি আবহাওয়ার কারণে কাজ শুরু করা যাচ্ছে না।
"বৃষ্টির মধ্যে কাজ শুরু করলে সড়ক স্থায়ী হবে না। তাই আবহাওয়া অনূকূলে থাকলে কোরবানির পরেই সংস্কার কাজ শুরু হবে।"
তিনি জানান, কোরবানির ঈদে যানবাহন চলাচলের জন্য সড়ক বিভাগ নিজস্ব মালামালের মাধ্যমে প্রাথমিক সংস্কারের কাজ করছে।
