ভোগান্তি মেনেই ছুটছে মানুষ
বরাবরের মতো মহাসড়কে দীর্ঘ যানজটের ‘আতঙ্ক’ আর পথে পথে নানা ভোগান্তি মেনে নেয়ার মানসিকতা নিয়েই দলে দলে রাজধানী ছাড়ছেন মানুষ। উদ্দেশ্য একটাই- পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি।
দুর্গা পূজা ও কোরবানির ঈদের ছুটি শনিবার থেকে শুরু হওয়ার কথা থাকলেও শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় বৃহস্পতিবার থেকেই ফাঁকা হতে শুরু করে ঢাকা।
শুক্রবার সকাল থেকেই রাজধানীর বাস-লঞ্চ টার্মিনাল আর রেলস্টেশনগুলোয় ছিল উপচেপড়া ভিড়। দুপুর নাগাদ রাজধানীর মূল রাস্তাগুলো ফাঁকা হতে শুরু করে।
বড় দুটো ধর্মীয় উৎসবের ছুটির শুরুতেই শুক্রবার যানবাহনের তীব্র চাপে রাজধানী থেকে উত্তর ও দক্ষিণের পথে সৃষ্টি হয় দীর্ঘ যানজট।
গাজীপুরের চন্দ্রা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত পর্যন্ত প্রায় ৬০ কিলোমিটার সড়কে সারাদিনই যানবাহন চলে শম্বুক গতিতে।
কোথাও কোরবানির পশুবাহী ট্রাক বিকল হয়ে যানজট প্রকট রূপ নিয়েছে।কোথাও আবার বাড়তি যানবাহনের চাপ সামলাতে পুলিশ সদস্যরা ব্যর্থ হয়েছেন।
সবমিলিয়ে পরিবার নিয়ে ঘরে ফেরার পথে বিড়ম্বনায় পড়তে হয় ঘরমুখো মানুষকে।
সকালে সায়দাবাদ বাস টার্মিনালে সিলেটের যাত্রী নাসের আবেদিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুধু টার্মিনালের ভোগান্তি নয়, আজিমপুর থেকে টার্মিনালে আসতেও কোনো পরিবহন পাওয়া যায়নি।
“পদে পদে ভোগান্তিতে পড়ছি। এর চেয়ে বড় চিন্তা মহাসড়কের যানজট।”
জাতীয় প্রেসক্লাবের সামনে বাক্স-পেটরা নিয়ে দাঁড়িয়ে গাবতলী যাওয়ার গাড়ি খুঁজছিলেন সেগুনবাগিচার বাসিন্দা শিহাব আহমেদ। যাবেন রংপুর।
তিনি বলেন, “গাবতলি যাওয়ার জন্য প্রায় এক ঘণ্টা ধরে অপেক্ষা করেও অটোরিকশা পাইনি। শুনেছি মহাসড়কে তীব্র যানজট, কখন রংপুর পৌঁছাব সেই আতঙ্কে আছি।”
সায়দাবাদ টার্মিনাল থেকে সঠিক সময়ে বাস ছাড়লেও গাবতলীতে বাসের শিডিউল এলোমেলো হয়ে যায়। মহাসড়কে যানজটের জন্য টার্মিনালেই ৪ থেকে ৬ ঘণ্টা অপেক্ষা করতে হয় যাত্রীদের।
খুলনার যাত্রী আলমগীর হোসেন জানালেন, সকাল ৭টায় বাস ছাড়ার কথা থাকলেও তার বাস ছাড়ে বেলা ১২টার পর।
গাবতলী বাস টার্মিনালের পরিবহনকর্মীরা জানান, মহাসড়কের যানজটের জন্য ফিরতি বাস আসতে সময় লাগছে। তাই নির্ধারিত সময়ে গাড়ি ছাড়া যাচ্ছে না।
রাজধানীর একমাত্র লঞ্চ টার্মিনাল সদরঘাট ও প্রধান রেলস্টেশন কমলাপুরেও ছিল ঘরমুখো মানুষের ভিড়।
তবে সড়ক পথের চেয়ে এই দুই পথের যাত্রীরা কিছুটা কম ভোগান্তিতে পড়ছেন বলে কথা বলে জানা গেছে।
সদরঘাটে লঞ্চের অপেক্ষায় থাকা পটুয়াখালীর যাত্রী আফসানা সিদ্দিকী জানান, তার লঞ্চ দুপুরে ছাড়ার কথা থাকলেও টার্মিনালের ভোগান্তি এড়াতে তিনি সদরঘাট এসেছেন সকালে।
“ঠিক সময়ে লঞ্চ ছাড়লে কোনো ঝামেলা ছাড়াই বাড়ি পৌঁছে যাব। তাই কয়েক ঘণ্টা আগে টার্মিনালে এসেও খারাপ লাগছে না।”
তবে লঞ্চগুলোতে অতিরিক্ত যাত্রী ওঠানোর অভিযোগ করেছেন অনেকেই।
অন্যদিকে রেল কর্মকর্তারা জানিয়েছেন, এবার ঈদে রেল চলছে মোটামুটি সময় মেনেই।
শুক্রবার দুপুর পর্যন্ত কমলাপুর স্টেশনে যাত্রীদের কাছ থেকে শিডিউল বিপর্যয়ের কোনো অভিযোগ পাওয়া যায়নি।
