২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উৎসবযাত্রায় ভোগান্তি দক্ষিণ চট্টগ্রামের পথে

পূজা ও ঈদে বাড়ি ফেরার যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়, যানজট ও রুট বদল করে যানবাহন চলাচলের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন দক্ষিণ চট্টগ্রামগামী সাধারণ যাত্রীরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2014, 04:19 PM

Updated : 13 Oct 2022, 12:39 PM

দক্ষিণ চট্টগ্রামের ছয় উপজেলা পটিয়া, আনোয়ারা, চন্দনাইশ, লোহাগাড়া, সাতকানিয়া, বাঁশখালী এবং কক্সবাজার জেলার বাসিন্দারা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে যাতায়াত করেন। শুক্রবার সকাল থেকেই এ পথের অধিকাংশ বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা।

এছাড়া আগের রাতে মহাসড়কের পটিয়ায় একটি সড়ক দুর্ঘটনার পর রাস্তা বন্ধ হয়ে যানজট সৃষ্টি হলে শুক্রবার সকাল পর্যন্ত তা প্রলম্বিত হয়। সেই সঙ্গে যোগ হয় মহাসড়কের আশেপাশে কোরবানির পশুর হাটের কারণে যানজট।

তবে যাত্রীদের অভিযোগ ও ভোগান্তি বিষয়ে কেউ দায়িত্ব নিতে রাজি নন। অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য পরিবহন মালিক শ্রমিকদের এক সংগঠন দোষারোপ করছে অন্যটিকে।

পরিবহন মালিকরা যানজটের জন্য মহাসড়কের পাশের কোরবানির পশুর হাটকে দোষারোপ করলেও দুর্ঘটনাই যানজটের ‍কারণ বলে দাবি করছে মহাসড়ক পুলিশ। 

কর্ণফুলী নদীর শাহ আমানত সেতুর উত্তর পাড়ের বাস টার্মিনাল থেকে দক্ষিণ চট্টগ্রামের ছয় উপজেলা ও কক্সবাজারগামী বাস ছাড়ে।

শুক্রবার সকাল ৯টায় টার্মিনালে অপেক্ষমান পটিয়াগামী যাত্রী রেজা মুজাম্মেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রায় এক ঘণ্টা ধরে দাঁড়িয়ে থেকেও গাড়ি পাচ্ছি না। যে দুয়েকটা বাস আছে তারা ২০ টাকার ভাড়া ৫০ টাকা চাইছে।”

সাতকানিয়া রুটের একাধিক যাত্রী অভিযোগ করেন, শুক্রবার সকাল থেকে এ পথে নির্ধারিত ৫০ টাকা ভাড়ার পরিবর্তে একশ থেকে দেড়শ টাকা পর্যন্ত ভাড়া আদায় করা হচ্ছে।

কেরানীহাটগামী যাত্রী সাইফুল আলম অভিযোগ করেন, আসন অনুযায়ী যাত্রী তোলার কথা বলে বাসের চালক-শ্রমিকরা দ্বিগুণের বেশি ভাড়া দাবি করছে।

“পূজা আর ঈদ বলে তারা যাত্রীদের জিম্মি করে ফেলেছে। এগুলো দেখার কেউ নেই।"

বৃহস্পতিবার রাতে পটিয়ার শান্তিরহাটে সড়ক দুর্ঘটনায় এক ‍শিশু মারা যায়। এতে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত মহাসড়কে দীর্ঘ যানজট লেগে থাকে। এ কারণে নগরমুখী বাস নির্ধারিত সময়ে শহরে পৌঁছাতে পারেনি।

এছাড়া বিজয়া দশমী ও ঈদের ছুটি শুরু হওয়ায় সকালে বাস টার্মিনালে যাত্রীর সংখ্যা ছিল অন্য দিনের তুলনায় কয়েকগুণ বেশি। 

আরকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক ও দক্ষিণ চট্টগ্রাম পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মুসা বলেন, দুর্ঘটনা এবং মইজ্জ্যারটেক ও শান্তিরহাটে গরুর হাটের কারণে এ পথে যানজট হয়েছে। এ কারণে গাড়ি আসতে না পারায় টার্মিনালে গাড়ির সংখ্যা কম।

“এ রুটে আমাদের পাঁচশ বাসে কোনো বাড়তি ভাড়া নিচ্ছি না। সিটি এলাকার বাস এখানে চলে এসেছে, তারাই বাড়তি ভাড়া নিচ্ছে।”

মুসা অভিযোগ করেন, “রুট বদল করা এসব বাস চলাচলে বাধা দিলে উল্টো আমাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করা হয়। গরুর হাট বিষয়েও পুলিশ প্রশাসন নিরব।”

এ বিষয়ে প্রশ্ন করলে চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের মহাসচিব বেলায়েত হোসেন দাবি করেন, ঈদের ছুটিতে নগরীতে যাত্রী কম থাকায় শহরের ভেতরে চলাচলের বাধ্যবাধকতা শিথিল করা হয়। এটা অনেক বছর ধরে চলে আসছে।

“লাইন বন্ধ থাকার কিছু গাড়ি জেলা লাইনে চলে যায়।”

পটিয়া হাইওয়ে পুলিশের এসআই হারুনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃহস্পতিবার হাট থাকলেও শান্তির হাট বাজারের কোনো ‍গরু সড়কে আসেনি। দুর্ঘটনার জন্যই যানজট হয়েছিল।”

পটিয়া এলাকায় শুক্রবার কোনো গরুর হাট বসবে না বলেও জানান তিনি।

মইজ্জ্যারটেক বাজার নগর এলাকা পুলিশের কর্ণফুলী থানার অধীনে উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে তার কিছু করার নেই।