সাভারে যুবককে কুপিয়ে হত্যা
মাদক বিক্রি নিয়ে দ্বন্দ্বের জেরে ঢাকার সাভারে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার বেলা ১১টার দিকে ইমান্দিপুর পশ্চিম পাড়া এলাকায় ওই হত্যাকাণ্ড ঘটে।
“সাইদুল আগে পোশাক কারখানায় কাজ করলেও বছর খানেক আগে চাকরি ছেড়ে মাদক বিক্রির সঙ্গে জড়িয়ে পড়ে। এ নিয়ে দ্বন্দ্বের জের ধরে বেলা ১১টার দিকে ইমান্দিপুর পশ্চিম পাড়া এলাকায় স্থানীয় রকি ও তার সহযোগীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।”
পরে গুরুতর আহত অবস্থায় সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইদুলকে মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, “মাদক বিক্রি নিয়ে দ্বন্দ্বের জের ধরেই এ হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি আমরা। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
