২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ডাকাতের হামলায় গৃহকর্মী নিহত

ফরিদপুর শহরে একটি বাড়িতে ডাকাতের হামলায় এক গৃহকর্মী নিহত হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2014, 12:37 AM

Updated : 22 Aug 2022, 07:15 PM

বৃহস্পতিবার রাত ৯টার দিকে কমলাপুর সিএ্যান্ডবি কলোনির ২ নম্বর ভবনের দ্বিতীয় তলার ওই বাসা থেকে পাঁচ ভরি স্বর্ণালঙ্কার লুট হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নিহতের নাম কেয়া আক্তার (১৫)। সে গোলডাঙ্গীর চর এলাকার আব্দুল বারেকের মেয়ে।

কেয়া গত সাত বছর ধরে ফরিদপুর জেলা হিসাবরক্ষণ অফিসের নিরীক্ষক দবির উদ্দিনের বাসায় কাজ করে আসছিল।

দবির উদ্দিন সাংবাদিকদের বলেন, “বিকালে ঈদের কেনাকাটার জন্য আমি স্ত্রী ও সন্তানকে নিয়ে মার্কেটে গিয়েছিলাম। রাত সাড়ে ৯টার দিকে বাসায় ফিরে দরজা খোলা এবং কেয়ার রক্তাক্ত লাশ দেখতে পাই।”

গৃহকর্ত্রী জানান, ঘরের আলমারির দরজা খোলা এবং স্বর্ণালংকারের বাক্সগুলো বাইরে পড়ে ছিল। তবে ভেতরে থাকা পাঁচ ভরি স্বর্ণালঙ্কার  নেই।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোতোয়ালি থানার ওসি সৈয়দ মোহসিনুল হক বলেন, “আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।”