চবি ছাত্রলীগে সংঘর্ষ, গুলিবিদ্ধ দুজন হাসপাতালে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।
এরা হলেন-পালি ও সংস্কৃত বিভাগের শুভ বড়ুয়া এবং ব্যবস্থাপনা বিভাগের মো. রাসেল। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাটহাজারি থানার পরিদর্শক (তদন্ত) সালাউদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হল এলাকায় এ সংঘর্ষ হয়।
বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।
শাহজালাল হলের কয়েকজন আবাসিক শিক্ষার্থী জানান, রাত দেড়টার দিকে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে প্রায় আধা ঘন্টা ধরে সংঘর্ষ চলে। এ সময় ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গুলিবিদ্ধ শুভ ও রাসেলকে রাত পৌনে ৩টার দিকে হাসপাতালে আনা হয় বলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বাশার জানান।
তাদের ছররা গুলি লেগেছে বলে জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ বলেন, “গভীর রাতে দুই পক্ষের মধ্যে গুলাগুলি হয়েছে বলে আমরা শুনেছি। খোঁজ খবর নিয়ে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।”
