অবস্থান বদলাচ্ছে যুক্তরাষ্ট্র!
রাজনৈতিক বিরোধ নিরসনে দলগুলোর প্রতি সংলাপের আহ্বান জানিয়ে এলেও এবার বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে ‘অভ্যন্তরীণ’ বিষয় বললেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনা।
রোববার ঢাকায় এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমি মনে করি এটা একটা অভ্যন্তরীণ বিষয়, যা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ও জনগণের মীমাংসা করা দরকার এবং কোনো এক পর্যায়ে গিয়ে তারা এটা ঠিক করবে।”
প্রধানমন্ত্রী মধ্যবর্তী নির্বাচন ও বিএনপির সঙ্গে সংলাপের সম্ভাবনা নাকচ করার পর দাবি আদায়ে কোরবানির ঈদের পরে বিএনপির আন্দোলনের ঘোষণা নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে একথা বলেন ড্যান মজীনা।
তিনি বলেন,“বাংলাদেশের জনগণ যখন তাদের অভ্যন্তরীণ সমস্যার সমাধান করবে,তখন বাংলাদেশের সব বন্ধুই তাদের সহযোগিতায় এগিয়ে আসবে।”
বিএনপির বর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠিত ৫ জানুয়ারির নির্বাচনে জয়ী হয়ে টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসে আওয়ামী লীগ।
ওই নির্বাচনের পরপরই সম্ভাব্য দ্রুত সময়ের মধ্যে ‘অংশগ্রহণমূলক’ নতুন নির্বাচন অনুষ্ঠানের জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছিল।
এরপর বিভিন্ন সময়ই একই বক্তব্য আসছিল যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এবং তার প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ নেতারা সংসদেও যুক্তরাষ্ট্রের সমালোচনামুখর হন।
এর মধ্যেই শনিবার জাতিসংঘে এক অনুষ্ঠানে সফররত প্রধানমন্ত্রীর উচ্চ প্রশংসা করেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল।
তিনি বলেন, “বাংলাদেশ খাদ্য ঘাটতির দেশ থেকে খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত হয়েছে। এটা সম্ভব হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী আপনার নেতৃত্বে।
“এক সময় বাংলাদেশ বিশ্বের কাছে সাহায্য চাইত। এখন বিশ্বের বিভিন্ন স্থানে সমস্যা সমাধানে আমরা বাংলাদেশের সহযোগিতা চাই।”
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো গভীর হওয়ার আশা প্রকাশ করে বিসওয়াল বলেন, “এটা শুধু সরকারের সঙ্গে সরকারের সম্পর্ক না। জনগণের সঙ্গে জনগণের, নাগরিকের সঙ্গে নাগরিকের এবং বন্ধুর সঙ্গে বন্ধুর সম্পর্ক।”
তার ওই বক্তব্যের দুই দিনের মাথায় ঢাকায় কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাবের অনুষ্ঠানে রাজনৈতিক বিষয়টিকে অভ্যন্তরীণ বলে দৃশ্যত এড়িয়ে গেলেন মজীনা।
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বর্তমান সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন মজীনা। শেখ হাসিনা সরকারকে উৎখাতে মার্কিন তৎপরতা সম্পর্কে গণমাধ্যমে প্রকাশিত খবর নাকচ করে দেন তিনি।
এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বিদায়ী রাষ্ট্রদূত বলেন, “মানুষ সব সময়ই অলীক কিছু করতে পছন্দ করে, অলীক কিছু লিখতে চায়…যেমনটা আপনারা করেছেন। এটা অন্যায় কিছু না। কিন্তু আমি, আপনি সবাই জানি এসব বস্তাপচা জিনিস।”
“বাংলাদেশ এবং এখানকার মানুষের ভালোর জন্য আমেরিকা সবসময়ই শান্তিপূর্ণ, নিরাপদ, উন্নত বাংলাদেশ দেখতে চায়,” বলেন তিনি।
বিশেষ করে রাষ্ট্রদূত হিসেবে তার মেয়াদে বাংলাদেশের সবগুলো জেলা সফরের বিষয়ে উচ্ছ্বসিত ছিলেন তিনি। এজন্য তাকে পুরস্কৃত করাও উচিত বলে মন্তব্য করেন তিনি।
“বাংলাদেশ যে কতটা ‘সমৃদ্ধ’ তা ৬৪ জেলা সফরের মাধ্যমে দেখেছি।”
তবে অবকাঠামো ও সুশাসনের অভাব, লাল ফিতার দৌরাত্ম্য এবং রাজনৈতিক অস্থিতিশীলতাকে বাংলাদেশের মূল চ্যালেঞ্জ বলে মনে করলেও বাংলাদেশ এসব বাধা কাটিয়ে উঠতে পারবে বলে মনে করেন মজীনা।
বিশেষ করে দুর্নীতি এবং সুশাসনের সমস্যা থেকে বেরিয়ে আসাটা বাংলাদেশের জনগণের ‘প্রতিশ্রুতি এবং ইচ্ছশক্তির’ ওপর নির্ভর করে বলে বিশ্বাস করেন মজীনা।
উন্নয়ন খাতের ওপর নিজের কাজের অভিজ্ঞতা টেনে তিনি বলেন, বাংলাদেশের অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে অর্থকে কোনো সমস্যা হিসেবে দেখেন না তিনি।
“আমি জানি অর্থ সত্যিই একটা সমস্যা। কিন্তু এখানে (বাংলাদেশে) অর্থ আছে…সুযোগ পেলে এখানকার বেসরকারি খাত অর্থ বিনিয়োগ করবে। মানুষ নিরাপদবোধ করলেই বিনিয়োগ করবে।”
জেলা সফরের সময় মানুষের সঙ্গে নিজের আলোচনার প্রসঙ্গ টেনে মজীনা বলেন, “বাংলাদেশিরা অনেক রাজনীতি সচেতন। আমি মনে করি এটা তাদের জিনের মধ্যেই আছে।”
তবে এসব সফরে মানুষের সঙ্গে উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়েই বেশি কথা হয়েছে বলে জানান তিনি।
কৃষকের ঘরের সন্তান মজীনা বাংলাদেশের কৃষকদেরও কাছ থেকে দেখেছেন। জেলায় জেলায় ঘুরে দেখার সময় কথা বলেছেন কৃষকদের সঙ্গে।
মজীনা বাংলাদেশে তার উত্তরসূরি মার্সিয়া স্টিফেন্স ব্লুম বার্নিক্যাটের সাফল্য কামনা করেন।
বার্নিক্যাট দায়িত্ব নেয়ার আগ পর্যন্ত বাংলাদেশে থাকবেন মজীনা।
