সংলাপ শুরুর তাগিদ যুক্তরাষ্ট্রের
দশম সংসদ নির্বাচনে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার বিশ্বাসযোগ্য প্রতিফলন হয়নি বলে মনে করে যুক্তরাষ্ট্র।
তবে নির্বাচন হয়ে যাওয়ার পর এখন রাজনৈতিক সঙ্কট অবসানে দ্রুত সংলাপ শুরুর তাগিদ দিয়েছেন দেশটি, যার মধ্য দিয়ে সব দলের অংশগ্রহণে নতুন করে নির্বাচনের পথ খুলবে।
বিরোধী দলবিহীন দশম সংসদ নির্বাচনে রোববার ভোটে বিজয়ী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ইতোমধ্যে সংলাপের প্রস্তাব রেখে জামায়াতে ইসলামীর সঙ্গ ছাড়ার জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন।
অন্যদিকে একে প্রহসনের নির্বাচন আখ্যায়িত করে ভোট বাতিলের দাবি জানিয়ে সমঝোতার আলোচনার পাল্টা প্রস্তাব রেখেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র মারি হর্ফ এক বিবৃতিতে বলেন, “এই নির্বাচনে যুক্তরাষ্ট্র হতাশ। এই নির্বাচনে অর্ধেকেরও বেশি আসনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে এবং বাকিগুলোর মধ্যে অধিকাংশ আসনেই নামে মাত্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে।
“ফলে এই সদ্য সমাপ্ত নির্বাচনের ফলাফল বাংলাদেশি জনগণের আকাঙ্ক্ষার বিশ্বাসযোগ্য প্রতিফলন নয়।”
নতুন সরকারের রূপ কী হবে, সেজন্য অপেক্ষা করার কথা জানিয়ে বিবৃতিতে বলা হয়, “এই সুবাদে আমরা বাংলাদেশ সরকার ও বিরোধী দলকে অবিলম্বে সংলাপে বসার জন্য উৎসাহিত করছি, যার মাধ্যমে তারা যত শিগগির সম্ভব একটি নতুন নির্বাচন অনুষ্ঠানের পথ খুঁজে বের করবে।
“যেটি হবে অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য এবং যা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।”
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল ভোট বাতিলের দাবিতে হরতাল-অবরোধ চালিয়ে যাচ্ছে, যাতে সংঘাত-সহিংসতার ঘটনা ঘটছে।
সংঘাত-সহিংসতায় নিন্দা জানিয়ে তা বন্ধে উদ্যোগী হওয়ার জন্য উভয় পক্ষের প্রতিই আহ্বান জানান মারি হর্ফ।
“বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং যারা পরবর্তীতে নেতৃত্ব দেয়ার আকাঙ্ক্ষা পোষণ করেন, আইন শৃঙ্খলা নিশ্চিত করতে তাদের পক্ষে যা কিছু করা সম্ভব তাদেরকে করতে হবে।”
সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতের আহ্বানও জানিয়েছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের আগে এক বিবৃতিতে যুক্তরাজ্যও দশম সংসদ নির্বাচন নিয়ে হতাশা প্রকাশ করে নতুন সরকার ও সব রাজনৈতিক দলকে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে কাজ করার আহ্বান জানায়।
যুক্তরাজ্যের পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী সাইয়্যেদা হুসেইন ওয়ারসি এক বিবৃতিতে বলেন, দেশের অর্ধেকেরও বেশি মানুষ ভোটে অংশ নেয়ার সুযোগ বঞ্চিত হওয়ায় এবং অন্যান্য নির্বাচনের তুলনায় ভোটার উপস্থিতি ‘কম’ থাকায় এই নির্বাচন নিয়ে তিনি হতাশ।
নির্বাচনকালীন সহিংসতার প্রসঙ্গ টেনে ওয়ারসি বলেন, গণতান্ত্রিক জবাবদিহিতা নিশ্চিত শক্তিশালী করতে সব রাজনৈতিক দলেরই সমান দায় রয়েছে, যা অগ্রাধিকার নিয়ে দেখতে হবে।
স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার জন্য ‘সদিচ্ছা ও সক্ষমতা’র প্রতি জোর দেন ওয়ারসি।
কানাডাও বিরোধী দলবিহীন নির্বাচন নিয়ে হতাশার কথা জানিয়েছে। কমনওয়েলথও নির্বাচনে হতাশা প্রকাশ করে চলমান সমস্যার সমাধান খুঁজে বের করার তাগিদ দিয়েছেন।
কমনওয়েলথের মহাসচিব কমলেশ শর্মা এক বিবৃতিতে অল্প দলের অংশগ্রহণ ও ভোটারের উপস্থিতির হার হতাশাজনক।
তিনি আশা প্রকাশ করেছেন, চলমান সঙ্কটের সমাধান সংলাপের মধ্যদিয়ে বাংলাদেশের রাজনীতিকরাই খুঁজে বের করবেন।
সংঘাত-সহিংসতা বন্ধের আহ্বানও জানিয়েছেন কমনয়েলথ মহাসচিব।
জনগণের কল্যাণে কাজ করুন: যুক্তরাজ্য
‘জামায়াত ছাড়ুন, সমঝোতায় আসুন’
‘নির্বাচন বাতিল করে সমঝোতায় আসুন’
