ফরিদপুরে তিন গ্রামের সংঘর্ষে পুলিশসহ আহত ১৬
ফরিদপুরের ভাঙ্গায় ফুটবল খেলাকে কেন্দ্র করে তিন গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
আহত পুলিশ সদস্য আবুল কালাম, জামাল হোসেন, শাহিদুজ্জামান ও আল আমিন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সংঘর্ষ থামাতে গিয়ে ইটপাটকেলের আঘাতে তারা আহত হন।
সংঘর্ষকারীদের মধ্যে আহত কারো নাম তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
ওসি নাজমুল বলেন, শনিবার ঘারুয়া ইউনিয়নে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই দলের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময় বিরোধ মিটাতে ঘারুয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম এগিয়ে গেলে তাকে চুমুরদি গ্রামের লোকজন লাঠি দিয়ে আঘাত করে।
“এ ঘটনার জের ধরে রোববার সকালে ঘারুয়া গ্রামের লোকজন চুমুরদি ও পূর্বসদরদি গ্রামে হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি শান্ত করে।”
পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।
ঘারুয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, “আমার উপর হামলা করায় এলাকার লোকজন ক্ষুব্ধ হয়ে সকালে কিছুটা গোলমাল করেছে।”
