ছেলের দেয়া আগুনে দগ্ধ বাবার মৃত্যু
গাজীপুর সদর উপজেলার পিরুজালী গ্রামে ছেলের দেয়া আগুনে দগ্ধ হয়ে এক ব্যক্তি মারা গেছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মো. হায়দার আলী জানান, রোববার সকাল ৬টার দিকে আব্বাস আলী চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহত আব্বাস আলী (৫৫) পিরুজালীর মাস্টারপাড়ার বাসিন্দা।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আব্বাসের স্ত্রী দুফুলা বেগমকে (৪৫) আটক করা হয়েছে বলে হোতাপাড়া পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক মো. হারুন উর রশিদ জানিয়েছেন।
“শনিবার টাকা নিয়ে বাবা-ছেলের কথা কাটাকাটি হয়। পরে রাত দেড়টার দিকে দিদারুল তার মা ও বোনের ঘরে বাইরে থেকে ছিটকিনি আটকিয়ে পাশের ঘরে ঢুকে ঘুমন্ত বাবার বিছানায় পেট্রোল বা কেরোসিন জাতীয় দাহ্য পদার্থ ঢেলে দিয়াশলাই দিয়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।”
এসময় আব্বাস আলী চিৎকার শুরু করলে পড়শিরা ঘরের আগুন নেভায়। মারাত্মক দগ্ধ আব্বাস আলীকে প্রথমে গাজীপুর সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এসআই হারুন উর রশিদ বলেন, আব্বাসের বাড়ি শ্রীপুরের বারতোপা এলাকায়। বিয়ের পর থেকে তিনি পরিবার নিয়ে পিরুজালী এলাকায় শ্বশুর বাড়িতে বসবাস করতেন। সম্প্রতি জমি বিক্রির টাকা মা-বাবার কাছে দাবি করে আসছিল দিদারুল। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল।
