পাটগ্রামে ছিটমহলে গৃহবধূ খুন
লালমনিরহাটের পাটগ্রামে ভারতীয় এলাকায় একটি ছিটমহলে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
পাটগ্রাম থানার ওসি মো. আমিরুজ্জামান জানান, শনিবার রাত ২টার দিকে পাটগ্রামের ১৬ নম্বর ভোটবারী ছিটমহলে এ ঘটনা ঘটে।
“ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে এলাকাবাসী বলছে। রোববার সকাল সাড়ে ১১টা পর্যন্ত লাশ বাড়িতেই ছিল। ঘটনাটি ছিটমহলে হওয়ায় সেখানে আমাদের পুলিশ যেতে পারেনি।”
এ ঘটনা নিয়ে দুই দেশের সীমান্তরক্ষা বাহিনী বিজিবি ও বিএসএফের মধ্যে আলোচনা হবে বলেও জানান তিনি।
এলাকাবাসী ও নিহতের পরিবার জানায়, ওই গৃহবধূর স্বামী চিকিৎসার জন্য শনিবার রংপুরে যান। ছয় বছরের কম বয়সী দুই ছেলেকে নিয়ে রাতে একাই বাড়িতে ছিলেন ২৫ বছর বয়সী ওই নারী।
সকালে দুই শিশুর কান্নাকাটি শুনে প্রতিবেশীরা ঘরে গিয়ে দেখেন ওই গৃহবধূর রক্তাক্ত লাশ পড়ে আছে।
এলাকাবাসী জানায়, দুর্বৃত্তরা সিঁদ কেটে ওই ঘরে ঢোকে। নিহতের বুকে ও পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
সকালে রংপুর থেকে বাড়ি ফিরে স্ত্রীর লাশ পান নিহতের স্বামী।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার সাথে কারো বিরোধ নাই। কে এই কাজ করল কিছুই বুঝতে পারছি না।”
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শফিউল আলম শফি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টি আমরা দেখছি। প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে।”
