২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে কারখানায় অগ্নিকাণ্ড, শ্রমিকের মৃত্যু

গাজীপুরের কাশিমপুর এলাকায় এক ডাইয়িং কারখানায় অগ্নিকাণ্ডে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আগুন নেভাতে গিয়ে আহত হন ফায়ার সার্ভিস কর্মীসহ চারজন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2014, 09:01 AM

Updated : 22 Aug 2022, 07:13 PM

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক  মো. আক্তারুজ্জামান লিটন জানান, রোববার ভোর সাড়ে ৩টার দিকে সারদাগঞ্জ এলাকায় মেগা ইয়াং ডাইং কারখানার নয় তলা ভবনের চার তলার গুদামে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মৃত আনোয়ার হোসেন ওই কারখানার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি টঙ্গীর মন্নুনগর এলাকায়।

আক্তারুজ্জামান লিটন বলেন, অল্প সময়ের মধ্যে আগুন ফ্লোরের আশেপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর, সাভারের ইপিজেড, টঙ্গীসহ ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট পাঁচ ঘণ্টা চেষ্টার পর সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ সময় ধোঁয়ায় ওই কারখানার শ্রমিক আনোয়ার হোসেন অসুস্থ হয়ে পড়েন।বেলা সাড়ে ১২টার দিকে গাজীপুরের সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এছাড়া আগুন নেভাতে গিয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অপূর্ব বলসহ আহত হয়েছেন চারজন। তাদেরকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

আগুনে গুদামে থাকা বেশ কিছু সুতা ও কাপড় পুড়ে গেছে জানিয়ে তিনি আরো বলেন, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।

গাজীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন বলেন, ধোঁয়াজনিত সমস্যায় শ্বাসকষ্টের কারণে আনোয়ার হোসেন নামের ওই শ্রমিক মারা যেতে পারেন। তবে প্রকৃত কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।