২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘উনি আগলে না রাখলে আমরা ভেসে যেতাম’

‘আমার মা জীবনে অনেক কষ্ট করেছেন। তিনি আমাদের আগলে না রাখলে আমরা ভেসে যেতাম।’

আশিক হোসেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2014, 03:27 PM

Updated : 13 Oct 2022, 12:37 PM

পুরনো খবর:

হুমায়ূন আহমেদের মা আয়েশা ফয়েজ আর নেই
মায়ের স্মৃতিতে হুমায়ূন

শনিবার মা আয়েশা ফয়েজের মৃত্যুতে মুষড়ে পড়া অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল এভাবেই মায়ের স্মৃতিচারণ করেন।

সকালে রাজধানীর একটি হাসপাতালে মারা যান আয়েশা ফয়েজ। তার বয়স হয়েছিল ৮৪ বছর।

মায়ের মৃত্যুর সময় হাসপাতালে তার পাশে ছিলেন জাফর ইকবাল ও ছোট ভাই আহসান হাবীব।

দুপুরে পল্লবীতে আয়েশা ফয়েজের জানাজার পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে কথা বলেন জাফর ইকবাল।

মুক্তিযুদ্ধে বাবা শহীদ হওয়ার পর অনেক কষ্ট সহ্য করে মা ছেলে-মেয়েদের লেখাপড়া না করালে তারা হয়তো বর্তমানের অবস্থায় আসতে পারতেন না বলে মনে করেন এই লেখক-অধ্যাপক।

আয়েশা ফয়েজের তিন ছেলে ও তিন মেয়ের মধ্যে প্রয়াত হুমায়ূন আহমেদ ছিলেন জনপ্রিয় কথাসাহিত্যিক। মেঝ ছেলে জাফর ইকবাল সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। লেখক হিসেবে তিনিও জনপ্রিয়। ছোট ছেলে আহসান হাবীব কার্টুনিস্ট ও রম্য লেখক।

এক প্রজন্মে সবচেয়ে জনপ্রিয় দুই লেখক এবং জনপ্রিয় একজন কার্টুনিস্টকে গর্ভে ধারণ করার জন্য ‘রত্নগর্ভা’ পরিচিতি পান আয়েশা ফয়েজ।

‘জীবন যে রকম’ নামে একটি আত্মজীবনীমূলক বই রয়েছে আয়েশা ফয়েজের, যাতে নিজের বেড়ে ওঠা, বিয়ে, ছেলে-মেয়েদের জন্ম, মুক্তিযুদ্ধে স্বামীর নিহত হওয়া এবং পরবর্তী সময়ে ছয় সন্তানকে নিয়ে জীবনসংগ্রামের নানা দিক উঠে এসেছে।

মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে নিহত হন পুলিশ কর্মকর্তা স্বামী ফয়জুর রহমান। এরপর ছেলে-মেয়েদের নিয়ে সংসার চালাতে বেশ কষ্ট করতে হয় আয়েশা ফয়েজকে। স্বাধীনতার পরে শহীদ পরিবার হিসেবে মোহাম্মদপুরে একটি বাসা পেলেও সেখান থেকে পরে তাদের উচ্ছেদ করা হয়।

মায়ের সেই কষ্টের কথা স্মরণ করে জাফর ইকবাল বলেন, “আমার মা জীবনে অনেক কষ্ট করেছেন। তিনি আমাদের আগলে না রাখলে আমরা ভেসে যেতাম।”

নেত্রকোনার মোহনগঞ্জে আয়েশা ফয়েজের পৈত্রিক বাড়িতেই তাকে দাফন করা হবে বলে জানান তিনি।

“দাফনের জন্য মার মরদেহ আমাদের নানাবাড়ি নেত্রকোনার মোহনগঞ্জে নিয়ে যাব। সেখানে আগামীকাল সকাল ১০টায় নানীর কবরের পাশে তাকে দাফন করা হবে। তার আগে সকালে আরেকটি জানাজা হবে।”

মায়ের আত্মার শান্তির জন্য সবার কাছে দোয়া চান অধ্যাপক জাফর ইকবাল।

“দেশের মানুষ মাকে এতো ভালবাসতেন আমাদের জানা ছিল না। আপনারা সবাই মায়ের জন্য দোয়া করবেন,” বলেন তিনি।