২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মায়ের স্মৃতিতে হুমায়ূন

“প্রতিবছর ও আমার এখানে ঈদ করতে আসত। আর কোনোদিন আসবে না।”

সুলাইমান নিলয়

ও আশিক হোসেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2013, 01:58 PM

Updated : 13 Oct 2022, 02:53 PM

বলে কিছুক্ষণ চুপ করে থাকলেন এক বছর আগে সবাইকে ছেড়ে চলে যাওয়া কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের মা আয়েশা ফয়েজ।

এরপর ছলছল চোখে স্মৃতির ভিড়ে ছেলেকে খুঁজে নিতে চাইলেন ৮৩ বছর বয়সী এই নারী, একাত্তরের মুক্তিযুদ্ধে যিনি স্বামীকে হারিয়েছিলেন।

“ওদেরতো বাবা ছিল না। হুমায়ূনই সারাজীবন বাবার ভূমিকা পালন করেছে। পরিবারের সবার কাছে তার গুরুত্ব ছিল অন্যরকম।”

প্রতিবার ঈদে হুমায়ূনরা ছয় ভাইবোন একসঙ্গে হতেন মায়ের বাড়িতে। এবার ঈদে সবার মাঝে আর হুমায়ূন থাকবে না- এটা মানতে পারেন না আয়েশা ফয়েজ।

ক্যান্সারে আক্রান্ত হয়ে গত বছর ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মারা যান বাংলা সাহিত্যের জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদ। ২৪ জুলাই তার দাফন হয় গাজীপুরে নিজের হাতে গড়ে তোলা বাগানবাড়ি নুহাশপল্লীতে।

চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে একটি ঈদ হুমায়ূন করেছেন তার ধানমণ্ডির বাড়ি দখিন হাওয়ায়।

সেই কথা মনে করে আয়েশা ফয়েজ বলেন, “এ রকম ব্যস্ততা-ট্যস্ততা থাকলে হয়তো আমার এখানে তার ঈদ করা হতো না। তবে এরপরও সময় পেলেই ছুটে আসত। নাতী নাতনীরাও আসত। আর কোনোদিন হুমায়ূন আসবে না...।”

১৯৪৮ সালে জন্ম নেওয়া হুমায়ূন লেখালেখির মধ্য দিয়ে সাহিত্য সমালোচকদের মনোযোগ কেড়েছিলেন বিশ্ববিদ্যালয় জীবনেই। এরপর তিন দশকেরও বেশি সময় তার লেখা বইয়ের ওপর ভর করে অনেকটা পথ এগিয়েছে বাংলাদেশের প্রকাশনা শিল্প। লেখার পাশাপাশি হুমায়ূন টেলিভিশনের জন্য নাটক বানিয়েছেন, নির্মাণ করেছেন চলচ্চিত্র। তবে দেশে একটি বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল গড়ে তোলার স্বপ্ন তার অপূর্ণই রয়ে গেছে। 

ছেলের সেই স্বপ্ন পূরণ না হওয়ার কষ্ট ঝরে মা আয়েশা ফয়েজের কণ্ঠে। 

“ওর স্বপ্ন ছিল এদেশের কেউ আর ক্যান্সারের চিকিৎসার জন্য বিদেশে যাবে না। আমেরিকা থেকে ফিরে এই কাজ শুরু করার কথা ছিল। কিন্তু কিছুই হয়নি। পারিবারিকভাবেও আর কোনো উদ্যোগের কথা আমি জানি না। তার পর আর কে করবে….।”

৬৪ বছরের জীবনে তিনশর বেশি উপন্যাস লিখে গেছেন হুমায়ূন। এর সবগুলোই পড়া হয়েছে আয়েশা ফয়েজের। তিনিই ছিলেন হুমায়ূনের অনেক বইয়ের প্রথম পাঠক।  

“প্রকাশের পর প্রথমে আমাকে একটা কপি দিতো। সব প্রকাশকদের এটা বলা ছিল। আমি বই পড়তে পছন্দ করতাম। আগে কলকাতার বই পড়তাম। ছেলে লেখা শুরু করার পর আর পড়িনি।”

Image
২৩ জুলাই ২০১২। ছেলের কফিনের সামনে আয়েশা ফয়েজ।

২৩ জুলাই ২০১২। ছেলের কফিনের সামনে আয়েশা ফয়েজ।

বেশ কিছুদিন কেমোথেরাপি চলার পর অস্ত্রোপচারের জন্য আবার যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে গত বছর মে মাসে একবার দেশে আসেন হুমায়ূন। সেই ২০ দিনের পুরোটা সময় গাজীপুরে নুহাশপল্লীতে কাটান তিনি। মা আয়েশা ফয়েজও ছিলেন ছেলের সঙ্গে।  

ছেলের সঙ্গে সে সময় তারও যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ অসুস্থতা আর শেষ পর্যন্ত ভিসা না হওয়ায় যাওয়া হয়নি তার।

“যাওয়ার আগে ওর সঙ্গে সবাই ছবি-টবি তুললো। ও বললো, ‘তোমরা কি মনে করেছো আমি মরে যাবো? আমি মরব না। আমি ফিরে আসব। আমি এই দেশে জন্মেছি। বিদেশে মরব কেন? মরতে হয় এই দেশেই মরব’।”

বলতে বলতে কণ্ঠ ধরে আসে আয়েশা ফয়েজের।

“ও বলতো, কচ্ছপ দুই-তিনশ বছর বাঁচে। মানুষতো আরো অনেক ভালো ভালো কাজ করে। মানুষ কেন বাঁচবে না। অনেক দিন বাঁচতে হবে। আমি অনেক দিন বাঁচতে চাই।”

মায়ের ইচ্ছে, হুমায়ূন তার ‘স্বপ্নের রাজ্য’ নুহাশপল্লীকে যেভাবে গড়েছেন, সেভাবেই যেন তা থাকে।

“নুহাশপল্লী নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত হয়নি। ও থাকতে যেভাবে চলত, সেভাবেই চলছে। আগের লোকজনই আছে; তারাই চালাচ্ছে। মালিকানা নিয়েও কোনো সিদ্ধান্ত হয়নি। আসলে এটা যেমন আছে সেভাবেই থাকবে।

“ও বলত, এটাকে আমি শান্তিনিকেতন বানাব না, গোরস্থানও না। মানুষ আসবে ঘুরবে। এটা যেমন ছিল তেমনই থাকবে।”

‘ভাগবাটোয়ারা’ যদি কখনো হয়ও, তা কেবল ‘কাগজে কলমেই’ হবে বলে বিশ্বাস আয়েশা ফয়েজের।

Image
তিন বোন দুই ভাইয়ের মাঝখানে তরুণ হুমায়ূন আহমেদ

তিন বোন দুই ভাইয়ের মাঝখানে তরুণ হুমায়ূন আহমেদ

“নুহাশপল্লী সত্যি সত্যি কখনো ভাগ হবে না। ও চাইতো এটা কেউ বিক্রি করবে না। ওদের (হুমায়ূন পরিবার) কারো অবস্থাওতো এতো খারাপ না যে এটা বিক্রি করতে হবে। আর খারাপ হলেও এটা বিক্রি হবে না। এটা হুমায়ূনের স্মৃতি”, আবেগে জোরালো হয়ে ওঠে মায়ের কণ্ঠ।  

মুক্তিযুদ্ধে শহীদ বাবা ফয়েজুর রহমানের স্মৃতি ধরে রাখতে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে ২০০৬ সালে ‘শহীদ স্মৃতি বিদ্যাপীঠ’ গড়ে তোলেন হুমায়ূন। সেই স্কুল গড়ার পেছনেও ছিল মায়ের অনুপ্রেরণা।   

“ওর বাবা অনেক দূরে জায়গীর থেকে পড়াশোনা করত। গ্রামে স্কুল নাই। আমি বললাম, আল্লাহতো তোকে সামর্থ্য দিয়েছে, তুই একটা স্কুল করে দে। এরপর ও স্কুল করল। তবে এখনো সরকারি সুযোগ সুবিধা পায় না। শিক্ষামন্ত্রী বলেছিলেন, এটা করবেন, ওটা করবেন। কিন্তু এখনো হয় নাই।”

জীবিত থাকতে আড়াইশ শিক্ষার্থীর এই স্কুলের খরচ হুমায়ূনই চালাতেন। তার মৃত্যুর পর এককালীন একটি অনুদান পাওয়া গেছে। তার সঙ্গে নুহাশপল্লীর আয় মিলিয়েই চলছে ‘শহীদ স্মৃতি বিদ্যাপীঠ’।