সহায়তা দরকার বগুড়ার ফাউন্ড্রি শিল্পে
বগুড়ার ফাউন্ড্রি শিল্পের আধুনিকায়ন ও বিকাশে সরকারি পৃষ্ঠপোষকতা চেয়েছেন এ শিল্পের সঙ্গে সংশ্লিষ্টরা।
বাংলাদেশ ফাউন্ড্রি ওনার্স এসোসিয়েশনের সভাপতি আইনুল হক সোহেল জানান, বগুড়ায় ৩৫টি ফাউন্ড্রি কারখানা রয়েছে। এরমধ্যে বগুড়া বিসিক শিল্প এলাকা, সান্তাহার রোড়, চার মাথা, নাটোর রোড়ে রয়েছে বড় কারখানা।
এছাড়া শহরের রেলওয়ে মার্কেট, খান্দার, গোহাইল রোড, সুত্রাপুরসহ অন্যান্য এলাকায় ফাউন্ড্রি শিল্পের ক্ষুদ্র যন্ত্রাংশ তৈরির কারখানা রয়েছে।
সারাদেশে ফাউন্ড্রি শিল্পের ক্ষুদ্র যন্ত্রাংশ তৈরির লক্ষাধিক ওয়ার্কশপ বয়েছে বলেও তিনি জানান।
জ্বালানি ও কাঁচামালের মূল্যবৃদ্ধি, কম শুল্কে চীন থেকে নিম্নমানের কৃষি যন্ত্রাংশ আমদানি, সম্পুরক শুল্ক আরোপ, সারচার্জসহ অন্যান্য চার্জ মিলে গড়ে ২৯ শতাংশ শুল্ক পরিশোধ করাসহ নানা কারণে বগুড়ার ফাউন্ড্রি শিল্পের বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।
তিনি আরো জানান, ফাউন্ড্রি শিল্পের আধুনিকায়নের জন্য প্রয়োজন সহজ শর্তে পর্যাপ্ত ব্যাংক ঋণ। তাহলেই রপ্তানিমুখী এ শিল্প তৈরি পোশাক শিল্পের পাশাপাশি দেশের বৈদেশিক মুদ্রা অর্জন এবং কর্মসংস্থানে অপার সুযোগ করে দিতে পারে।
বগুড়া বিসিক শিল্প এলাকার মিল্টন ইঞ্জিনিয়ারিং এর স্বত্তাধিকারী মো. আজিজুর রহমান মিল্টন জানান, আশির দশকে ব্যক্তি উদ্যোগে বগুড়াতেই প্রথম ফাউন্ড্রি শিল্প-কারখানা গড়ে ওঠে।
উত্তরাঞ্চলের ১৬ জেলায় ঢালাই নির্ভর প্রায় ১০০ শিল্প-কারখানা রয়েছে।
তিনি আরো জানান, বগুড়ার ২৭টি কারখানায় অন্তত ৮০ ভাগ যন্ত্রাংশ তৈরি হয়। এসব কারখানায় লোহা গলিয়ে বর্তমানে ১৬ ধরনের উন্নত যন্ত্রাংশ তৈরি হয়।
এর মধ্যে রয়েছে শ্যালো ইঞ্জিনের সেচ পাম্প, লাইনার, পিস্টন, টিউবওয়েল, পাওয়ার টিলারের বিভিন্ন যন্ত্রাংশ, লেদ মেশিন, গাড়ির ব্রেকের ড্রাম, করাত কল, ফ্লাওয়ার মিল, টেক্সটাইল মিল, অয়েল মিল ও ধানকাটা মেশিনসহ অন্যান্য মেশিনের যন্ত্রাংশ।
আজিজুর রহমান মিল্টন জানান, ফাউন্ড্রি শিল্পকে কেন্দ্র করে বগুড়ায় ২০টি ওয়ার্কশপ গড়ে উঠেছে। এসব ওয়ার্কশপে ২০ হাজারেরও বেশি শ্রমিক-কর্মচারী নিয়োজিত রয়েছেন। কর্মসংস্থান ছাড়াও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৫ লাখের বেশি মানুষের জীবিকার ব্যবস্থা রয়েছে এ শিল্পে।
সরকারি সহায়তা পেলে এখানে উৎপাদিত পণ্যগুলো বিদেশে রপ্তানি করা যেত বলে আজিজুর রহমান মিল্টন মনে করেন।
বগুড়া রেলওয়ে মার্কেটের রুবেল ইঞ্জিনিয়ারিং এর মালিক মো. শহিদুল ইসলাম সওদাগর জানান, এখন শ্রমিকদের বেতন দেওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। বিদেশ থেকে ক্ষুদ্র যন্ত্রাংশ আমদানি বন্ধ না করলে কারখানা গুলো বন্ধ হয়ে যাবে।
বিসিক শিল্প এলাকার আশিক ইঞ্জিনিয়ারিং এর মালিক মো. আলমগীর হোসেন জানান, চীন থেকে আমদানিকৃত এই সব যন্ত্রাংশের কারণে দেশি শিল্প ধ্বংসের পথে। সরকারের পৃষ্ঠপোষকতা তথা ব্যাংক ঋণ, শুল্ক সুবিধা, বিদেশে রপ্তানি ইত্যাদির ব্যবস্থা করলে এই শিল্প বিশ্ব বাজারে স্থান করে নেবে।
