গাইবান্ধায় বিজিএস’র উদ্যোগে চাকরি মেলা
কারিগরি প্রশিক্ষণের মধ্য দিয়ে গাইবান্ধার আটশ বেকার তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দেয়ার পর তাদের কর্মসংস্থানের সুবিধায় চাকরি মেলার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলা-জার্মান সম্প্রীতি সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (বিজিএস)।
শুক্রবার বিজিএস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমিতে এই মেলার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, গার্মেন্টস মেশিন অপারেটর এবং প্লাম্বিং বিভাগে প্রশিক্ষণপ্রাপ্ত ওইসব প্রশিক্ষণার্থীদের চাকরি প্রাপ্তিতে সহায়তা করতেই মেলার আয়োজন করা হয়েছে।
বিজিএস-এর নিবার্হী পরিচালক জনাব মো. জহুরুল ইসলামের সভাপত্বিতে অনুষ্ঠিত মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক এহছানে এলাহী।
এতে বিশেষ অতিথি ছিলেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) রংপুর অঞ্চলের পরিচালক মো. গোলাম ফারুক, গাইবান্ধা জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ফরিদ আহম্মেদ, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আশরাফুল মমিন খান ও জেলার চেম্বার অফ কর্মাসের সভাপতি মো. আবুল খায়ের মুরসেলিন ।
বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, মেলায় ১৫টি চাকরিদাতা প্রতিষ্ঠান প্রায় তিনশ’ বেকার তরুণ-তরুণীর জীবন বৃত্তান্ত জমা নিয়ে তাদেরকে চাকরিতে নিয়োগের প্রাথমিক আশ্বাস দিয়েছে।
