২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভর্তিচ্ছুকে পেটাল ছাত্রলীগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা এক শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ এসেছে ছাত্রলীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2014, 10:31 PM

Updated : 22 Aug 2022, 07:11 PM

প্রত্যক্ষদর্শী ছাত্ররা জানায়, বৃহস্পতিবার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ওই ভর্তিচ্ছুকে মারধর করা হয়।

‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা সোহাগ আলীকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ক্যাম্ব্রিয়ান কলেজ থেকে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ এই শিক্ষার্থী প্রক্টরের মাধ্যমে উপাচার্য বরাবর লিখিত একটি অভিযোগও দিয়েছে।

প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব।”

সোহাগ লিখিত অভিযোগে বলেছেন, “আমি পরীক্ষা শেষে চায়ের দোকানে চা খেতে আসি। এ সময় এক আপু আমার দিকে তাকিয়ে হাসেন, আমিও তখন তার দিকে তাকিয়ে হাসি। এরপরই কয়েকজন ছাত্র আমাকে রড ও লাঠি দিয়ে দু’দফায় মারধর করে এবং সবার সামনে কান ধরিয়ে উঠ-বস করায়।”

ভর্তিচ্ছু ওই শিক্ষার্থী হামলাকারী হিসেবে জার্নালিজম বিভাগের তৃতীয় বর্ষের আব্দুর রহীম জুয়েল, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তৃতীয় বর্ষের বনি খান, আন্তর্জাতিক সর্ম্পক বিভাগের তৃতীয় বর্ষের তাপস চন্দ্র মজুমদার ও রিফাত, পরিসংখ্যান বিভাগের সুব্রত সাহা এবং ভূতাত্বিক বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের আদনান সৌমের নাম দিয়েছেন।

এরা সবাই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসেনের অনুসারী হিসেবে পরিচিত। এর মধ্যে ছাত্রলীগের উপ-তথ্য ও গবেষণা সম্পাদক জুয়েল চাঁদাবাজির অভিযোগে সংগঠন থেকে বহিষ্কৃত হয়েছিলেন।

এ বিষয়ে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসেন বলেন,“ওই ভর্তিচ্ছু বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের তৃতীয় বর্ষের এক ছাত্রীকে ইভটিজিং করেছিল। কেউ যদি আমার বোন বা বান্ধবীর সঙ্গে অশালীন আচরণ করে, তাহলে তো আর আমরা বসে থাকতে পারি না।”

ছাত্রলীগের মারামারি

ভর্তি পরীক্ষার মধ্যে ছাত্রলীগের সভাপতি পক্ষের কর্মীদের হামলায় সাধারণ সম্পাদকের অনুসারী এক নেতা আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে রসায়ন বিভাগের সামনে হামলায় আহত শামীম খান প্রাণীবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং শহীদ সালাম বরকত হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা শেষে বিকালে এনাম মেডিকেল কলেজে তাকে ভর্তি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মোটর সাইকেলে করে যাওয়ার সময় শামীমকে ধাক্কা দেয় ইতিহাস বিভাগের ইমরান ও দর্শন বিভাগের দীপ। এ ঘটনায় ক্ষুব্ধ শামীম তাদের একজনকে থাপ্পড় দেয়। এরপর ইমরান ও দীপ হামলা করলে শামীমের মাথা ফেটে যায়।”

আহত শামীম বলেন, “বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মেহেদী ইকবাল এবং নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরীর সঙ্গে ভর্তি পরীক্ষায় জালিয়াতি চক্রের এক সদস্যকে ধরতে গেলে ওই চক্রের সদস্যরা পরিকল্পিতভাবে আমার ওপর হামলা চালায়।”

এ ঘটনার পর সালাম-বরকত হলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেলের এবং আ ফ ম কামাল উদ্দিন হলে সভাপতি মাহমুদুর রহমান জনির নেতাকর্মীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরে সমঝোতার জন্য জনি ও রাসেল কয়েক দফা আলোচনায় বসলেও মারধরের ঘটনার মীমাংসা না হওয়ায় উভয় গ্রুপের নেতাকর্মীরা অস্ত্রসহ অবস্থান নেয়।

তখন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক আবুল হোসেনসহ প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে এসে উভয়পক্ষের সঙ্গে কথা বলে দ্রুততম সময়ের মধ্যে বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।