২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্গম এলাকায় প্রসূতি সেবায় অগ্রাধিকারের আহ্বান রাষ্ট্রপতির

প্রসবকালীন মাতৃমৃত্য শূন্যের কোঠায় নামিয়ে আনতে কার্যকরী উদ্যোগের আহ্বান জানিয়ে গ্রামাঞ্চল এবং দুর্গম এলাকার জনগোষ্ঠীকে প্রসূতি সেবায় অগ্রাধিকার দিতে বলেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2014, 09:54 PM

Updated : 25 Apr 2022, 04:44 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় অবসটেট্রিক্যাল অ্যান্ড গাইনিকোলজিক্যাল সোসাইটি অফ বাংলাদেশ (ওজিএসবি)- এর এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন,  “আমাদের দেশে এখনও অনেক মা পর্যাপ্ত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। বিশেষ করে গ্রাম অঞ্চল এবং দুর্গম এলাকার অনেক গরীব ও অশিক্ষিত মায়েরা জানেন না কোথায় গেলে কী ধরনের স্বাস্থ্যসেবা পাওয়া যাবে।

“এসব জনগোষ্ঠীকে প্রসূতি সেবা কার্যক্রমের আওতায় আনতে আমাদের অগ্রাধিকার দিতে হবে।”

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওজিএসবি’র ৪১ তম বার্ষিক সাধারণ সভা এবং ২৩ তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনের প্রধান অতিথির বক্তৃতায় রাষ্ট্রপতি বলেন, “এখনও প্রতি এক লক্ষ মায়ের মধ্যে ১৯৪ জন মা সন্তান প্রসব করতে গিয়ে মারা যান।

“এটা নি:সন্দেহে উন্নত দেশের তুলনায় অনেক বেশি। প্রসবকালীন মাতৃমৃত্যু হার শূন্যের কোঠায় নামিয়ে আনতে আমাদের আরও কার্যকরী উদ্যোগ গ্রহণ করতে হবে।”

আবদুল হামিদ বলেন, “শিশুর পরিপূর্ণ বিকাশে মায়ের পুষ্টি জ্ঞান খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। প্রসব পরবর্তী সেবা কার্যক্রমেও আমাদের আরও উন্নয়নের অবকাশ আছে। আমি জেনেছি বর্তমানে মাত্র ২৭ শতাংশ মহিলা এই সেবাটি পাচ্ছেন।

“আমি মনে করি ইউনিয়ন এবং থানা পর্যায়ের স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলোর সেবার মান উন্নয়ন এবং সেবা প্রদানকারী স্বাস্থ্য কর্মীদের দক্ষতাবৃদ্ধি করা গেলে আমাদের দেশে মায়ের স্বাস্থ্য রক্ষা করা সম্ভব হবে।”

তিনি বলেন, “সুস্থ ও শিক্ষিত মা ছাড়া সমৃদ্ধ জাতি গড়ে ওঠে না। এজন্য মায়ের পুষ্টির পাশাপাশি গর্ভকালীন এবং প্রসবোত্তর প্রসূতি সেবা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি।”

ওজিএসবি’র উদ্দেশ্যে রাষ্ট্রপতি বলেন, “বিশেষ করে জন্মের এক মাসের মধে যেসব শিশু মারা যাচ্ছে তাদের জন্য উন্নত ‘নিউ বর্ন কেয়ার সার্ভিস’ প্রদান করা যায় কিনা তা ভেবে দেখবেন।”

শিশুর সংক্রামক রোগ রোধে কার‌্যকরী পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, “বাংলাদেশে শিশুমৃত্যু হার কমে আসলেও গ্রামাঞ্চল ও দুর্গম এলাকায় দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে নবজাতক ও শিশু মৃত্যুর হার তুলনামূলকভাবে এখনও অনেক বেশী। চিকিসৎকের মতে অপুষ্টি, বাল্যবিবাহ, শাসতন্ত্রের প্রদাহ ও ডায়েরিয়ায় অনেক শিশু অকালে মারা যায়। শিশুর অকাল মৃত্যুরোধে জন্মের পর পর বুকের দুধ খাওয়ানোর পাশাপাশি প্রতিরোধযোগ্য সংক্রামক রোগ রোধে কার্যকরী পদক্ষেপ নিতে হবে।”

মাতৃমৃত্যু রোধ ও শিশুস্বাস্থ্যে সরকারের সাফল্যের কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, “আমি গর্বের সাথে বলতে পারি বিগত চার দশকে বাংলাদেশে মা ও শিশুস্বাস্থ্য বিষয়ে চোখে পড়ার মত অগ্রগতি অর্জিত হয়েছে। মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার কমে এসেছে।

“বেড়েছে প্রত্যাশিত আয়ুষ্কাল। মহিলারাও এখন সীমিত সন্তান গ্রহণে আগ্রহী। ধাত্রী সেবা বৃদ্ধি পাওয়ায় ১৯৯৪ সালে প্রসূতি সেবা যা ছিল তা বর্তমানে ৭ গুণ বৃদ্ধি পেয়েছে। ফলে মাতৃমৃত্যুর হারও দুই দশকে ৪০ ভাগ কমে এসেছে।”

অধ্যাপক লতিফা সামসুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক,ওজিএসবি’র মহাসচিব পারভীন ফাতেমা।