সমতলের আদিবাসীদের পৃথক ডিভিশনের প্রস্তাব
রাজশাহীতে সমতলের আদিবাসীদের প্রথম জাতীয় সম্মেলনে তাদের জন্য পৃথক ডিভিশন গঠনের প্রস্তাব তোলা হয়েছে।
বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে এ সম্মেলনের আয়োজন করে আদিবাসী বিষয়ক সংসদীয় ককাস।
সম্মেলন উদ্বোধন করেন সমাজকল্যাণ বিষয়ক প্রতিমন্ত্রী প্রমোদ মানকীন।
সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেসবাহ কামাল।
প্রবন্ধে তিনি বলেন, জনসংখ্যার অনুপাতে সমতলে আদিবাসীদের জন্য বাজেটে বরাদ্দ হওয়ার দরকার ছিল পাঁচ হাজার কোটি টাকা।
সে জায়গায় সমতলের আদিবাসীদের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ বাবদ ১৬ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়, যার ফলে সমতলে বসবাস করা ২০ লাখ আদিবাসীর জন্য মাথাপিছু বরাদ্দ পড়ে মাত্র ৮০ টাকা।
মেসবাহ কামাল তার প্রবন্ধে সমতলের আদিবাসীদের জন্য সাতটি সুপারিশ তুলে ধরেন।
এগুলো হলো- সমতলের ২০ লাখ আদিবাসী জনগণের উন্নয়নে বাজেটে ১০ হাজার কোটি টাকা বরাদ্দ, সকল সন্ত্রণালয়ের/বিভাগের বাজেটে আদিবাসীদের জন্য সুনির্দিষ্ট বরাদ্দ রাখা এবং বরাদ্দের সুষ্ঠু বাস্তবায়নে আদিবাসীদের সম্পৃক্ত করার বিষয়ে নীতিমালা প্রণয়ন, ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক একাডেমিগুলোর নাম পরিবর্তন করে আদিবাসী সাংস্কৃতিক একাডেমি করা, সমতলের আদিবাসীদের আলাদা ডিভিশন বা পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত করা, আদিবাসীদের ঐতিহ্যগত ও প্রথাগত ভূমি অধিকারের স্বীকৃতি ও সমতল ভূমি কমিশন গঠন, সমতলের আদিবাসীদের জন্য ডিভিশন গঠন করে মন্ত্রণালয়ে অন্তর্ভুক্ত করা, যার নাম হতে পারে ‘পার্বত্য চট্টগ্রাম ও স্পেশাল অ্যাফেয়ার্স মন্ত্রণালয়’ এবং বাংলাদেশ আদিবাসী অধিকার আইন প্রণয়ন।
সস্মেলনে খ্যাতিমান কথাসাহিত্যিক হাসান আজিজুল হক বলেন, “রাষ্ট্র যদি আপনাদের পাশে না দাঁড়ায়, তাহলে কিছুই হবে না। যতই সভা সেমিনার করে চিৎকার করি না কেন কোনো লাভ হবে না। আদিবাসীদের দাবি বাস্তবায়নে অবশ্যই রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে।”
আদিবাসী সম্পর্কে যারা জানে না তাদের বঙ্গদেশে বাস করাটাই উচিত নয় বলে মন্তব্য করেন তিনি।
সম্মেলনে ঘোষণাপত্র পাঠ করেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং।
ঘোষণাপত্রে তিনটি দাবি তুলে ধরা হয়। এগুলো হলো- সমতলের আদিবাসীদের জন্য এ বছর ১০০ কোটি টাকা থোক বরাদ্দ, পৃথক ভূমি কমিশন গঠন, পৃথক মন্ত্রণালয় সৃষ্টি/সংযুক্তি এবং বাংলাদেশ আদিবাসী অধিকার আইন প্রণয়ন।
বিভিন্ন দাবির পক্ষে সংহতি প্রকাশ করেন মানুষের জন্য ফাউন্ডেশনের শোয়াব সাজ্জাদ খান, আইএলওর আলেক্স চিসাম, আক্সফমের সৈকত বিশ্বাস, কারিতাসের ডেনিস সি বাস্কে, আদিবাসী নারী নেত্রী চাঁপাইনবাবগঞ্জের বিচিত্রা তিরকি প্রমুখ।
এদিকে সমতলের আদিবাসীদের জন্য আলাদা মন্ত্রণালয়ের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
তবে, তাদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত করার দাবি গ্রহণযোগ্য বলে মন্তব্য করেন তিনি।
এ সরকার আদিবাসীদের উন্নয়নে কাজ করছে এবং আগামীতেও করে যাবে বলে জানান তিনি।
সম্মেলন উদ্বোধন করে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকীন আদিবাসীদের উদ্দেশে বলেন, “আপনারা আদিবাসী হলে আমরা কী? আমাদেরও পূর্ব পুরুষরা আদিকাল থেকে এখানে বসবাস করে আসছে। তাহলে আমাদের আপনারা কী বলবেন?”
আদিবাসী বিষয়ক সংসদীয় ককাসের আহবায়ক ফজলে হোসেন বাদশার সভাপতিত্বে সম্মেলনে সংসদ সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন মৃণাল কান্তি দাস, কাজী রোজি, ইয়াসিন আলী, রণজিত কুমার রায়, গোলাম মোস্তফা, টিপু সুলতান, পীর ফজলুর রহমান মিসবাহ, একেএম রেজাউল করিম তানসেন।
জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেনও বক্তব্য দেন।
