চট্টগ্রামে অবৈধ ওষুধ কারখানা সিলগালা
চট্টগ্রামে লাইসেন্সবিহীন একটি ওষুধ কারখানা বন্ধ করে দিয়েছে প্রশাসন।
বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা প্রশাসন ও র্যাব-৭ এর যৌথ অভিযানে খুলশী ৩ নম্বরে ফার্মিক ল্যাবরেটরিজ বন্ধের পাশাপাশি এর ব্যবস্থাপককে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
অভিযানে অংশ নেয়া চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান বলেন, “প্রতিষ্ঠানটি অনেক দিন ধরেই মেয়াদোত্তীর্ণ ওষুধ অস্বাস্থ্যকর পরিবেশে পুনরায় প্যাকেট করে বাজারজাত করছিল।
“অভিযানের সময় কারখানার নারী ও পুরুষ কর্মীদের নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে স্ট্রিপে ট্যাবলেট ঢোকাতে দেখা গেছে। বোতলেও অস্বাস্থ্যকরভাবে সিরাপের উপাদান ভরতে দেখা গেছে তাদের।”
কারখানার ব্যবস্থাপক সাধন বিশ্বাস ওষুধ উৎপাদনের লাইসেন্স থাকার কথা বললেও তিনি তা দেখাতে পারেননি বলে জানান ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান।
“পরে সাধন বিশ্বাসকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত তাকে দুই বছরের কারাদণ্ড দেয়।”
প্রতিষ্ঠানটিতে মজুদ বিপুল পরিমাণ বিভিন্ন প্রকারের ওষুধ ও সিরাপ জব্দ করা হয়েছে।
