বন্দর সচলে প্রধানমন্ত্রীকে অনুরোধ আজম নাসিরের
সব ‘বিভ্রান্তি’ দূর করে চট্টগ্রাম বন্দরকে গতিশীল করার উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।
বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো নগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ অনুরোধ জানান।
বিবৃতিতে নাছির বলেন, নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রাম বন্দরের চলমান কার্যক্রম নিয়ে যে অভিযোগ উত্থাপন করে আন্দোলন করছেন তা বিবেচনায় নিয়ে বন্দরের স্বচ্ছতা ও গতিশীলতা বৃদ্ধির জন্য কার্যকর উদ্যোগ গ্রহণে মাননীয় প্রধানমন্ত্রী, নৌমন্ত্রী ও বন্দর কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি।
চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদের ব্যানারে সাইফ পাওয়ার টেক নিয়ে যে আন্দোলন হচ্ছে দেশের স্বার্থে স্বচ্ছ প্রক্রিয়ায় তার মীমাংসা হওয়া প্রয়োজন বলে মত জানান তিনি।
নাছির বলেন, “জরুরি ভিত্তিতে এ সমস্যার দ্রুত সমাধান না হলে স্বার্থান্বেষী মহল এ সুযোগে বন্দরকে অস্থিতিশীল করে তুলতে পারে।”
গত কয়েক মাস ধরে বন্দরের সিসিটি, এনসিটি (আংশিক) ও আইসিডি পরিচালনাকারী বার্থ অপারেটর সাইফ পাওয়ার টেকের বিরুদ্ধে আন্দোলন করছে নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিনের নেতৃত্বে বন্দর রক্ষা পরিষদ।
সর্বশেষ গত ১০ সেপ্টেম্বর লালদীঘিতে এক জনসভায় বন্দর থেকে সাইফ পাওয়ার টেককে হঠাতে এক মাসের সময় বেঁধে দেন পরিষদের আহ্বায়ক মহিউদ্দিন।
শুরুতে এ আন্দোলন বিষয়ে সরব না থাকা আ জ ম নাছির উদ্দিন লালদীঘির সভায় প্রথম প্রকাশ্যে বন্দর বিষয়ে আন্দোলন নিয়ে বক্তব্য রাখেন।
বুধবারের বিবৃতিতে নাছির বলেন, চট্টগ্রাম বন্দর দিয়ে বাংলাদেশের ৯২ শতাংশ আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালিত হয়। এটা নিয়ে ষড়যন্ত্র ও ছিনিমিনি খেলার কোনো সুযোগ নেই।
