আল্লাহর দলের পাঁচ জন পুলিশ হেফাজতে
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘আল্লাহর দল’র খুলনা জেলা প্রধানসহ পাঁচ জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
বুধবার খুলনার জ্যেষ্ঠ বিচারিক হাকিম নাহিদ নাসরিন তাদের তিন দিন হেফাজতে নেয়ার আদেশ দেন। এরপরই তাদের হেফাজতে নেয়া হয়।
এরা হলেন দলটির খুলনা জেলা প্রধান (নায়ক) পারভেজ হোসেন (২৬), সদস্য আব্দুর রহিম (২৮), মো. সেলিম (২৩), আলী হোসেন (২৪) ও বিশ্বজিৎ দেবনাথ ওরফে মাহিন আহম্মেদ (২৮)।
মঙ্গলবার গভীর রাতে ফুলতলা উপজেলার চাঁদপুর গ্রামের একটি মেস থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশের একটি বিশেষ টিম। এরপর তাদের বিরুদ্ধে ফুলতলা থানার এসআই ইয়াসিন আলম চৌধুরী বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেন।
ফুলতলা থানার ওসি জানান, বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা ফুলতলা থানার এসআই আইয়ুব আলী বুধবার আদালতে তাদের সাত দিন হেফাজতের নেয়ার আবেদন জানান। শুনানি শেষে আদালত তিন দিন মঞ্জুর করেন।
ওসি আরও জানান, ফুলতলার চাঁদপুর গ্রামের একটি ভাড়া বাড়ির মেসে আল্লাহর দলের প্রধানসহ অন্য সদস্যরা সংগঠনের কার্যত্রম পরিচালনা করছিল। গোপন তথ্যের ভিত্তিতে এখানে অভিযান চালানো হয়।
ওই মেস থেকে ৪টি তাজা বোমা, বোমা তৈরির সরঞ্জাম এবং সংগঠনের বিভিন্ন বই পুস্তক ও ডায়েরি উদ্ধার করা হয়।
আল্লাহর দলের মতিন মেহেদী আদালতের রায়ে মৃত্যুদণ্ড পেয়ে বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন বলে জানান ওসি।
