‘পোশাক শ্রমিকদের বেতন ২১৯ ভাগ বাড়িয়েছেন হাসিনা’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেই তৈরি পোশাক শ্রমিকদের বেতন শতকরা ২১৯ ভাগ বৃদ্ধি করা হয়েছে বলে দাবি করেছেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু ।
মুজিবুল হক বলেন, মালিক ও শ্রমিকরা একে অপরকে আস্থায় নিতে পারলে দেশ আরো এগিয়ে যাবে। শীঘ্রই তৈরি পোশাক শ্রমিকদের জন্য ৩ মাস মেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। প্রশিক্ষণ নিয়ে শ্রমিকরা আরো ভাল কাজ করতে পারবে।
শেখ হাসিনা তৈরি পোশাক শ্রমিকদের বেতন যে পরিমাণ বৃদ্ধি করেছেন তা পৃথিবীর আর কোনো দেশে হয়নি। এটা আওয়ামী লীগ সরকারের মাধ্যম্যেই সম্ভব বলেও মন্তব্য করেন।
অনুষ্ঠানে শ্রম প্রতিমন্ত্রী নিট শিল্পের মৃত ৭৩ জন শ্রমিকের প্রত্যেকের পরিবারকে ২ লাখ টাকা করে মোট ১ কোটি ৪৬ লাখ টাকার চেক হস্তান্তর করেন।
বিকেএমইএ-এর সভাপতি সেলিম ওসমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, সংরক্ষিত আসনের সংসদ সদস্য হোসনে আরা বাবলী, শিল্প পুলিশ-৪ এর পরিচালক মাহাবুবুল আলম, শ্রমিক নেতা কাউসার আহমেদ পলাশ ও মাহাবুবুর রহমান ইসমাইল।
