দুর্গা পূজা: রংপুরে ২২৪ মণ্ডপ ঝুঁকিপূর্ণ
কয়েকদিন পর শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব। সারাদেশের মতো রংপুরেও চলছে উৎসব আয়োজন।
এ বছর রংপুরের আট উপজেলায় ৭৭১টি মন্ডপে দুর্গাপূজা হবে। এরমধ্যে ২২৪টি মণ্ডপকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন।
বুধবার দুপুরে রংপুর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের বৈঠকে এ তথ্য জানানো হয়।
পুলিশ সুপার আব্দুর রাজ্জাক বলেন, “ জামায়াত-শিবির অধ্যুষিত মিঠাপুকুর, পীরগঞ্জ, পীরগাছা ও সদর উপজেলার ২২৪টি পূজামণ্ডপ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।”
প্রতিটি মণ্ডপে পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের নিয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং ঝুঁকিপূর্ণ মণ্ডপগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানান পুলিশ সুপার।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অজয় প্রসাদ বাবন বলেন, “পূজামণ্ডপে হামলার আশংকা করছি আমরা। তাই প্রতিটি মণ্ডপে নিরাপত্তা জোরদার করার জন্য প্রশাসনকে অনুরোধ জানিয়েছি।”
গত বছর দুর্গা পূজা শুরুর আগে পীরগাছা, পীরগঞ্জ ও মিঠাপুকুর উপজেলায় ৮টি মন্দিরে প্রতিমা ভাংচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
