লোড শেডিং: ঝিনাইদহে প্রকৌশলীর কার্যালয়ে ভাংচুর
বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন না হওয়া ও ভোল্টেজ কম থাকায় ঝিনাইদহে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় ঘেরাও ও ভাংচুর করেছে এলাকাবাসী।
বুধবার সদরের ধানহাড়িয়া ও উদয়পুর গ্রামের লোকজন এ ভাংচুর চালায় বলে পুলিশ জানিয়েছে।
সদর থানার ওসি আনোয়ার হোসেন জানান, লোড শেডিং বেড়ে যাওয়ায় ও ভোল্টেজ কম থাকায় উদয়পুর ও ধানহাড়িয়া গ্রামের মানুষ প্রকৌশলীর কার্যালয় ঘেরাও করে হামলা চালায়।
এ সময় কার্যালয়ের কম্পিউটার, চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করেন তারা
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওসি আনোয়ার আরো জানান, গ্রাহকদের অভিযোগ দীর্ঘদিন ধরে সদর উপজেলার এই দুই গ্রামে অতিরিক্ত লোড শেডিং ও লো ভোল্টেজ চলে আসছে।
এ বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কাছে অনেকবার অভিযোগ করার পরও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
এ ব্যাপারে নির্বাহী প্রকৌশলী মো. সাইফুজ্জামান বলেন, গ্রাহকদের অভিযোগ সত্য নয়। এটা তার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র।
এর পেছনে তার অফিসের কারো কারো হাত আছে বলে তিনি মনে করছেন।
