আইপি ক্যামেরায় যানজট ও অপরাধ নিয়ন্ত্রণ
ইন্টারনেট প্রটোকল (আইপি) ক্যামেরা স্থাপন করে মহাসড়কে যানজট ও অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক মো. হাসান মাহমুদ খন্দকার।
বুধবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড়ে আইপি ক্যামেরা স্থাপন কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।
মহা পরিদর্শক আরো বলেন, আইপি ক্যামেরা স্থাপন করে যানবাহন চলাচল ও অপরাধ নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে। আইপি ক্যামেরা কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা যায়।
শুধু যানবাহন নিয়ন্ত্রণ নয়, ভবিষ্যতে মহাসড়কের অপরাধও নিয়ন্ত্রণ করা যাবে এবং অপরাধীদের প্রমাণসহ গ্রেপ্তার করে আইনের আওতায় আনা যাবে বলেও তিনি মনে করেন।
চান্দনা চৌরাস্তায় ৫টি, চন্দ্রা ত্রিমোড় এলাকায় ৫টি, শ্রীপুরের মাওনা চৌরাস্তায় ৪টি আইপি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গাজীপুরের পুলিশ সুপারের কার্যালয়ে মূল সার্ভার রুম থেকে পুরো ব্যবস্থাটি নিয়ন্ত্রণ করা হবে। এ সার্ভারে সর্বশেষ তিন মাসের ভিডিও রেকর্ডিং সংরক্ষণ থাকবে। প্রয়োজনে ওই রেকর্ডিং পর্যালোচনা করা যাবে।
ওই ক্যামেরার কমপক্ষে ৪০০ মিটারের মধ্যে যে কোনো অপরাধ সংঘঠিত হলেও তা বুঝা যাবে। এতে পুলিশের অনৈতিক কর্মকাণ্ডও ধরা পড়বে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাইওয়ের ডিআইজি আসাদুজ্জামান মিয়া, ঢাকা রেঞ্জের ডিআইজ মো. মাহফুজুল হক নূরুজ্জমান, ডিআইজি (আপরেশন) আব্দুল্লাহ আল মামুন, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শফিকুল ইসলাম, গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদ, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন, গাজীপুর ট্রাফিক বিভাগের সহকারি পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন, কালিয়াকৈর উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাসেল ও কালিয়াকৈর থানার ওসি ওমর ফারুক প্রমুখ।
