পাবনায় আখ চাষিদের ১১ দফা দাবি
আখের মূল্য বৃদ্ধির আগাম ঘোষণা না দিলে পাবনা সুগার মিলে আখ সরবরাহ বন্ধ করার ঘোষণা দিয়েছেন চাষিরা।
বুধবার দুপুরে মিল গেটে আখ চাষি কল্যাণ সমিতির এক সমাবেশে এ ঘোষণা দেয়া হয়।
পরে আখের মূল্য বৃদ্ধিসহ ১১ দফা দাবি বাস্তবায়নের জন্য পাবনা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালকের মাধ্যমে বাংলাদেশ চিনি খাদ্য কর্পোরেশনের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
বাংলাদেশ চিনিকল আখ চাষি ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও আখ চাষি কল্যাণ সমিতি পাবনা সুগার মিল শাখার সভাপতি শাহজাহান আলী বাদশার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বক্তব্য দেন পাবনা সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কালাম আজাদ।
উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক রবিউল আলম মালিথা, সহ-সাধারণ সম্পাদক জাকির হোসেন সরদার, ক্যাশিয়ার আমজাদ হোসেন মালিথা, নির্বাহী সদস্য আবু কালাম সর্দার, শ্রমিক নেতা খন্দকার আব্দুর রশিদ, আবু সাঈদ, আব্দুল মালেক মালিথা, অধ্যক্ষ খলিলুর রহমান, আতিয়ার রহমান প্রমুখ।
বক্তারা বলেন, আগামী ডিসেম্বরে শুরু হতে যাওয়া মাড়াই মৌসুম শুরুর আগেই আখের মূল্য প্রতিমণ ১৫০ টাকা নির্ধারণ এবং আখ সরবরাহের সাত দিনের মধ্যে টাকা পরিশোধের নিশ্চয়তা প্রদান করতে হবে।
তা না হলে পাবনা সুগার মিলে কোনো আখ সরবরাহ করা হবে না।
বক্তারা আরও বলেন, সুগার মিলে চাকরি প্রদানের ক্ষেত্রে আখচাষির সন্তানদের বিভিন্ন পদে ৫০ ভাগ চাকরির কোটা নিশ্চিত করার জন্য আইনগত উদ্যোগ নিতে হবে।
সদর দপ্তর ও চিনিকলসমূহে ক্রয়-বিক্রয় কমিটি এবং রোডসেস ও শিক্ষাসেস কমিটিতে আখচাষিদের প্রতিনিধি রাখতে হবে। এছাড়া উন্মুক্ত পদ্ধতিতেও আখ কেনার দাবি জানান চাষিরা।
