২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই বছরেও করবী হত্যার জট খোলেনি

দুই বছরেও রাজধানীর হাজারীবাগের স্কুলছাত্রী তাসনিম রহমান করবী হত্যার জট খোলেনি।

প্রকাশ বিশ্বাস প্রকাশ বিশ্বাস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2014, 03:59 PM

Updated : 22 Aug 2022, 07:11 PM

মহানগর গোয়েন্দা পুলিশ এখন আলোচিত এ মামলার তদন্তভার এড়াতে চাইছে বলে অভিযোগ নিহতের স্বজনদের। এ বিষয়ে জানতে চাইলে কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি গোয়েন্দা কর্মকর্তারা।

২০১২ সালের ২৪ সেপ্টেম্বর রাজধানীর হাজারীবাগের ভাগলপুর লেনে নিজের ঘরে খুন হয় ঢাকা বারের আইনজীবী মিজানুর রহমান ও আফরোজা ফারহানা আহমেদ অরেঞ্জের মেয়ে করবী (১২)।

পিলখানা মুন্সী আব্দুর রউফ স্কুল ও কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্রী করবীকে প্রথমে শ্বাসরোধ এবং পরে গলাকেটে হত্যা করা হয় বলে পুলিশের ধারণা।

মেয়েটি খুন হওয়ার দিনই অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে হাজারীবাগ থানায় একটি মামলা করেন তার বাবা মিজানুর।

গুরুত্ব বিবেচনায় মামলাটিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং সেলে নেয়া হলেও দুই বছরেও উন্মোচিত হয়নি এ হত্যা রহস্য। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার সাতজনই বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন।

মিজানুর মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মহানগর গোয়েন্দা পুলিশ থেকে এ মামলার তদন্ত পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) নেয়ার আবেদন করতে আমাদের অনুরোধ করা হয়েছে।”

ছয় মাস আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির এসআই নূরুজ্জামান তার ঊর্ধ্বতন কর্মকর্তা অতিরিক্ত উপকমিশনার মোখলেসুর রহমানকে নিয়ে তাদের বাসায় এসে এ অনুরোধ করেন বলে জানান তিনি।

এ ব্যাপারে তদন্ত কর্মকর্তা এসআই নূরুজ্জামান বলেন, গোয়েন্দা পুলিশের ধানমন্ডি জোন ছেড়ে খিলগাঁও জোনে চলে যাওয়ায় মামলাটির তদন্তে সমস্যায় পড়েছেন তিনি।

মামলার নথি থেকে জানা যায়, হত্যাকাণ্ডের পর পুলিশ সন্দেহভাজন হিসেবে এলাকায় বখাটে হিসেবে পরিচিত সাইফুর, পলাশ, শামীম, ভুট্টু, কামরুল, হান্নান ও হাসেমকে গ্রেপ্তার করে।

কয়েক দফায় হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেও তাদের কাছ থেকে হত্যাকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ কোনো তথ্য বের করতে পারেনি পুলিশ।

বর্তমানে এরা সবাই জামিনে মুক্ত আছেন।

এলাকার  বখাটেরা করবীকে মাঝে মধ্যে উত্ত্যক্ত করতো বলেও মামলায় উল্লেখ করা হয়।

ভাগলপুরের ছয়তলা বাড়ির তিনতলায় তিন কক্ষের ফ্ল্যাটের একটিতে করবীর বাবা-মা এবং অন্য একটিতে করবী থাকতো। নিজের ঘরেই খাটের উপর তার লাশ পাওয়া যায়।

এজাহারে বলা হয়, “হত্যাকাণ্ডের আগে নিজেকে বাঁচাতে অনেক চেষ্টা করেছে করবী। খুনিদের সঙ্গে ধস্তাধস্তির কারণে জানালার পর্দাও ছিড়ে যায়।  কিন্তু শেষ পর্যন্ত বাঁচতে পারেনি সে। শ্বাসরোধ করার পর বটি দিয়ে গলা কেটে তার মৃত্যু নিশ্চিত করা হয়।”

করবীকে হত্যার পর তার বাবা-মায়ের শোবার ঘরের খোলা আলমারি থেকে চার ভরি সোনার গয়না ও কিছু টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা।

ওই ভবনেরই চতুর্থ তলায় করবীর নানীর বাসা। করবী ও তার ভাইকে নানীর বাসায় রেখে পুরান ঢাকার আদালতে যাওয়া আসা করতেন মিজানুর ও অরেঞ্জ। ঘটনার দিন করবী স্কুলেও গিয়েছিল। ছুটির পর দুপুরে বাসায় ফেরে। বিকেলে একা বাসায় থাকার সময়  খুন হয় মেয়েটি।

ঘটনার কিছুদিন পর ওই বাড়ির ছয়তলায় খোলা অসম্পূর্ণ একটি ফ্লোরে মাদক সেবনকারীদের পরিত্যক্ত ফেনসিডিলের বোতল ও হেরোইন সেবনের আলামত পান বলে জানিয়েছিলেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই নূরুজ্জামান।

“কিন্তু তাদের ব্যাপারে এলাকাবাসী মুখ না খোলায় হত্যাকারীদের সনাক্তে কোন সূত্র মিলানো কঠিন হয়ে পড়ে,” বলেন তিনি।

গত বছর তিনি বলেছিলেন, "এলাকার কেউ তেমন করে তদন্তে সাহায্য করছেন না। জিজ্ঞাসাবাদে কেউ সাড়াও দিচ্ছেন না। তবে আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি।"

তবে তিনি তদন্তে যথেষ্ট সময় ও তৎপরতা দেখাচ্ছিলেন না বলে তখন অভিযোগ করেছিলেন নিহতের নিকট আত্মীয়রা।

এরপর বছর গড়িয়ে গেলেও মামলার তদন্ত কাজে নতুন কোন অগ্রগতি দেখাতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

কয়েক মাস আগে মামলাটির তদন্ত দেখভালের দায়িত্বে এসেছেন মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী কমিশনার ইকবাল হোসাইন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুনেছি মামলাটির তদন্তের জন্য করবীর বাবা-মা সিআইডির শরণাপন্ন হয়েছেন। তবে বিষয়টি আমি নিশ্চিত নই। এ বছরের প্রথমদিকে মামলার দায়িত্ব পাওয়ার পর এখনো কোন পদক্ষেপ নিতে পারিনি।”

এ বিষয়ে করবীর মা ফারহানা আফরোজা অরেঞ্জ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তদন্তে ব্যর্থতার কারণে ডিবি পুলিশ নিজেরাই মামলার তদন্ত সিআইডিতে নিয়ে যাওয়ার জন্য আমাদের প্রস্তাব দিয়েছে। আমরা সে প্রস্তাব গ্রহণ করিনি। আমরা তাদের বলেছি, মনোযোগ দিলে হত্যার ক্লু আর ঘাতকদের সন্ধান আপনারাই পাবেন।”

মেয়ের হত্যার তদন্তের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপ কামনা করেন তিনি।