২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খালের চাটাই অপসারণের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরার শ্যামনগরে সোনামুগারী খালে দেয়া চাটাই (বাঁশের তৈরি বেড়া) অপসারণের দাবিতে মানববন্ধন  করেছেন স্থানীয়রা।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2014, 05:57 PM

Updated : 22 Aug 2022, 07:07 PM

সোনামুরাগী জেলে কল্যাণ সমিতি ও শ্যামনগর উপজেলা জনসংগঠন সমন্বয় কমিটি রোববার বেলা ১২টায় সোনামুরাগী খাল পাড়ে এ কর্মসূচির আয়োজন করে।

জনসংগঠন সমন্বয় কমিটির সভাপতি শেখ সিরাজুল ইসলাম বলেন, স্থানীয় প্রভাবশালীরা খালে চাটাই দেওয়ায়  মাছের বংশ ধ্বংস হচ্ছে, নষ্ট হচ্ছে খালের বৈচিত্র্য। হুমকির মুখে পড়েছে ধীবর জনগোষ্ঠী।

তিনি জানান, স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি নিজেরা মাছ ধরার জন্য খালে চাটাই দিয়ে নির্দিষ্ট এলাকা দখল করে রেখেছে। এসব এলাকা থেকে তারা ছাড়া কেউ মাছ ধরতে পারে না।

স্থানীয় জেলে পার্বতী ধীবর বলেন, “আগে এই খালে মাছ ধরে ৫/৭টি পেট চালাতাম। এখন সারাদিনে এক মুঠো মাছ পাওয়া যায় না। খালের অব্যবস্থাপনার ফলে আমাদের জীবন-জীবিকা কঠিন হয়ে পড়েছে।”

মানববন্ধন থেকে খালের অবৈধ চাটাই অপসারণ, খালের উপর নির্ভরশীল ধীবর জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার দাবি জানান সোনামুগারী জেলে কল্যাণ সমিতির গঙ্গারাম ধীবর।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন জনসংগঠন সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক কুমুদ রঞ্জন গায়েন, সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন, সোনামুগারী জেলে কল্যাণ সমিতির গঙ্গারাম ধীবর, সদস্য রেনুকা রানী ধীবর, বিমল চন্দ্র মন্ডল, উপজেলা, স্থানীয় প্রবীণ জেলে তাতীরাম, পার্বতী ধীবর প্রমুখ।