চবি শিক্ষকবাসে হামলা: ৭ আসামি রিমান্ডে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বাসে বোমা হামলার ঘটনায় গ্রেপ্তারদের মধ্যে সাত শিবিরকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিন করে হেফাজতে পেয়েছে পুলিশ।
চট্টগ্রাম জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবু সালেহ মোহাম্মদ নোমান রোববার তাদের রিমান্ড মঞ্জুর করেন।
হাটহাজারী থানা পুলিশের পক্ষ থেকে ওই সাতজনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন করে হেফাজতে নেয়ার আবেদন করা হয়।
চট্টগ্রাম আদালতের পরিদর্শক অনু মং মারমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তার ১১ জনের মধ্যে সাত জনের বিরুদ্ধে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বাকি চার জনের রিমান্ড আবেদনের শুনানি হবে আগামী সোমবার।
এই সাত আসামি হলেন- মোস্তফা কামাল, ইমাম হোসেন, মো. ইউসুফ, তৌহিদুল ইসলাম, কামরুল বারাকাত, মামুন কাজী ও শাহ আলম। এদের মধ্যে শাহ আলম বিশ্ববিদ্যালয়ের কর্মচারী। বাকি ছয়জন বিভিন্ন বিভাগের শিক্ষার্থী।
গত ১০ সেপ্টেম্বর হাটহাজারীর ছড়ারকূল এলাকায় চট্টগ্রাম-হাটহাজারী সড়কে শিবিরকর্মীরা বিশ্ববিদ্যালয়গামী শিক্ষকবাসে হাতবোমা ও পাথর ছুড়লে ১১ শিক্ষকসহ ১৪জন আহত হন।
ওই দিনই ঘটনাস্থল ও ক্যাম্পাসে অভিযান চালিয়ে ২৫ শিবিরকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। গত শুক্র ও শনিবার গ্রেপ্তার করা হয় আরো আটজনকে।
হামলার রাতেই শিক্ষক বাসে বোমা হামলা ও ভাংচুরের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশের পক্ষ থেকে হাটহাজারী থানায় দুটি মামলা করা হয়, যাতে আসামি করা হয় ছাত্রশিবিরের ৯৫ নেতাকর্মীকে।
