২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাপ্পীর অপহরণ ও উদ্ধার পাওয়ার গল্প

“পোলারে যারা অপহরণ করছে আমি ওগো টাকা দেওনের পর হাত তুইল্যা দুয়া করছি। ওরা জানি সহি সালামতে টাকাটা নিয়া যাইতে পারে। আর আমার পোলারে যেন জীবিত ফেরত পাই,” কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন তামান্না বেগম, যিনি অর্থ দিয়ে তার ছেলেকে ছাড়িয়ে এনেছেন।

গোলাম মুজতবা ধ্রুব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2014, 12:32 AM

Updated : 22 Aug 2022, 07:07 PM

তামান্নার মেজ ছেলে মোস্তফা কাউসার বাপ্পীকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে একটি সাদা মাইক্রোবাসে বুধবার কুড়িল বিশ্বরোড থেকে তুলে নেওয়া হয়।

বাপ্পী বায়িংয়ের ব্যবসা করার চেষ্টা করছিলেন। ব্যবসায়িক কাজে খিলক্ষেত গিয়ে জুরাইনে বাসায় ফেরার পথে কুড়িল ফ্লাইওভারে তার সিএনজি অটোরিকশা নষ্ট হলে তাকে অপহরণ করা হয়।

তামান্না বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওরা ফোনে বলছিল, টাকা ভাল মতো বুঝে না পাইলে আমার ছেলেটারে ওরা মাইরা ফেলবো। আমি র‌্যাব-পুলিশ কারো জন্য অপেক্ষা করি নাই। পোলার বাপরে কইছি-যত টাকা পারো দাও। তবু পোলাটারে আমার বুকে ফেরত চাই।”

আট লাখ টাকা দিয়ে শুক্রবার বিকালে ছেলেকে ফেরত পান বলে জানান তামান্না।

তামান্নার স্বামী আবদুল মান্নান ট্রাক মালিক। নিজেদের কয়েকটি গাড়ি ভাড়া দেন তারা। চার দশক ধরে তিন সন্তান নিয়ে তারা জুরাইনের ৩৬৬ খন্দকার রোডের নিজেদের বাড়িতে থাকেন। বছর দুয়েক আগে বিয়ে হয় বাপ্পীর।

বাপ্পীর বাবা আবদুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার রাত সাড়ে ১১টার দিকে তারা একটি অপরিচিত মোবাইল নম্বর থেকে ফোন পান। পরিচয় না জানিয়ে ফোনের অন্য প্রান্ত থেকে বলা হয়- ছেলেকে বাঁচাতে হলে ২৫ লাখ টাকা দিতে হবে। পুলিশ-র‌্যাব কাউকে জানানোর চেষ্টা করা হলে বুড়িগঙ্গায় মিলবে ছেলের লাশ।

সন্তানের অপহরণের খবর শুনে রাতেই শ্যামপুর থানায় ছুটে যান মান্নান।

“পুলিশ জিডি নেয়নি। এরপর যাই ক্যান্টনমেন্ট থানায়। সেখানে কর্তব্যরত পুলিশ কর্মকর্তা বলেন, ‘ওসি স্যারের অনুমতি ছাড়া জিডি নেওয়া যাবে না’। এরপর ভোররাতে খিলক্ষেত থানায় জিডি করতে পেরেছিলাম।”

ভোরে র‌্যাব-১০ এর কার্যালয়ে গিয়ে কোনো সহায়তা পাননি বলে অভিযোগ মান্নানের।

“এরপর ছুটে যাই র‌্যাব-১ এর অফিসে। সেখানে একটা অভিযোগপত্র দাখিল করি।”

এরই মাঝে আরেকটি নম্বর থেকে ফোন আসে মান্নানের কাছে, যাতে ৮ লাখ টাকায় বাপ্পীকে ছেড়ে দিতে রাজি হয় অপহরণকারীরা।

বৃহস্পতিবার কয়েকবার সেই অপরিচিত কণ্ঠের সঙ্গে কথা বলেন মান্নান। শুক্রবার তাকে একা শাহবাগ থানার সামনে আসতে বলা হয়।

“তারা বারবার বলছিল, আমরা সবাইরে ছিটাইয়া খাই। অপহরণ আমাদের পেশা। আমাদের বিষয়ে কাউকে কোনো অভিযোগ দিয়ে কাজ হবে না। কেউ আমাদের খুঁজে বের করতে পারবে না।”

শুক্রবার দুপুরে অপহরণকারীদের সঙ্গে কথা বলে শাহবাগ থানার পাশের ফুলের দোকানে যান মান্নান। ছদ্মবেশে তামান্নাও যান সেখানে, অবস্থান নেন স্বামীর কাছাকাছি স্থানে।

তখন আবার ফোন আসে মান্নানের মোবাইলে। বলা হয়, রিকশা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যেতে হবে। টিএসসিতে গেলে আবার ফোন বাজে; এবার বলা হয়, “লাল মোটর সাইকেলে করে দুটো ছেলে আপনার রিকসার সামনে দিয়ে যাওয়ার সময় আপনাকে সালাম দেবে, তখন তাদের হাতেই টাকা দিয়ে দেবেন।”

এভাবে একটানা ঘটনার বর্ণনা দিতে থাকেন পরিবহন ব্যবসায়ী মান্নান। পাশে থাকা স্ত্রী তামান্না বলেন, “শাহবাগে ফুলের দোকানের সামনে গিয়ে খুব কান্না পাইছিল। এমন একটা ঘটনায় আমাদের বলল ফুলের দোকানের সামনে যেতে!”

বাপ্পীর মা বলেন, “ওদের (অপহরণকারীদের) টাকা দেওনের পর হঠাৎ করে র‌্যাব থেকে ফোন করে জানতে চায়, আমি কোথায়। আমি র‌্যাবকে মিথ্যা বলি যে আমি বাসার বাইরে কাজে আসি। তখন আমাকে পাল্টা প্রশ্ন করে, আপনি তো টিএসসিতে। একটু আগে আপনি তো লাল মোটর সাইকেলে চড়া দুজনকে টাকা দিলেন। কত টাকা দিলেন ওদের? আমি এরপর বলি, ৮ লাখ টাকা। তারপর ভয়ে আমি ফোনের লাইন কেটে দিই।”

টাকা পাওয়ার পর অপহরণকারীরা আধা ঘণ্টার মধ্যে বাপ্পীকে ফেরত দেওয়ার আশ্বাস দেয় বলে জানান তামান্না।

এরপর এক সিএনজি অটোরিকশাচালক ফোন দিয়ে মান্নানকে বলেন, “বাপ্পী কি আপনার ছেলে। কারওয়ান বাজারে সে আছে। আপনারা কোথায়?”

“আমরা শাহবাগ থানার সামনে বাপ্পীকে নিয়ে আসতে বলি। আধা ঘণ্টার মধ্যেই তাকে পাই। আমাকে দেখার কিছুক্ষণের ভেতর জ্ঞান হারায় বাপ্পী,” বলেন তামান্না।

অপহরণের বর্ণনা দিয়ে বাপ্পী শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিজেদের গোয়েন্দা পরিচয় দিয়ে কুড়িল ফ্লাইওভারে একটি সাদা মাইক্রোবাসে তাকে তুলে নিয়েছিল কয়েকজন যুবক।

এরপর যমুনা ফিউচার পার্কের সামনে দিয়ে ইউটার্ন নিয়ে গাড়ি চলে বনানীর দিকে চলতে থাকার কথা মনে করতে পারেন বাপ্পী। তারপরই জ্ঞান হারান তিনি।

“কতক্ষণ পর জ্ঞান ফেরে, তা মনে নেই। জ্ঞান ফিরলে দেখি আমার মুখে কাপড় গোঁজা, চোখ বাঁধা।”

অপহরণকারীরা বেল্ট দিয়ে পিটিয়ে এবং ইট দিয়ে হাতে আঘাত করে পরিবারের কাছে ফোন করে কথা বলতে বাধ্য করে বলে জানান বাপ্পী।

“শুক্রবার দুপুরে আমার বাসার লোকেরা ওদের টাকা দেওয়ার পর ওরা একটা রুম থেকে আমাকে বের করে। মাত্র একটি সিঁড়ি দিয়ে নামিয়ে একটি গাড়িতে তোলা হয়েছিল। এরপর কারওয়ান বাজারের কাছে ধাক্কা দিয়ে গাড়ি থেকে নামিয়ে দেয়া হয়।”

বাপ্পী বলেন, তাকে যে কক্ষটিতে রাখা হত, তার আশপাশে আরও কক্ষ ছিল বলে তার মনে হয়েছে। এজন্য তার পেটে ছুরি ঠেকিয়ে কোনও ধরনের শব্দ না করতে বলা হত।

“নিচু একটা কাঠের চেয়ারে বা টেবিলে আমার হাতে হ্যান্ডকাপ পরিয়ে বসিয়ে রাখা হত।”

বাপ্পীর অপহরণের বিষয়ে খিলক্ষেত থানার ওসি নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাধারণ ডায়েরির পর শুক্রবার তাকে ফেরত পাওয়ার কথা পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়।

“তবে তাকে কারা অপহরণ করেছিল, তা পুলিশ এখনও নিশ্চিত নয়। বিস্তারিত তদন্ত ছাড়া এনিয়ে বেশি কিছু বলা যাচ্ছে না।”

র‌্যাব-১ এর অধিনায়ক তুহিন মোহাম্মদ মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাপ্পীর পরিবার জানিয়েছে, তারা তাদের সন্তানকে ফেরত পেয়েছে। তবে তারা মুক্তিপণ দিয়েছে কি না, তা বলেনি।”

এই অপহরণের সঙ্গে কারা জড়িত তা র‌্যাব তদন্ত করে দেখবে বলে জানান তিনি।

(নিরাপত্তাজনিত কারণে অপহৃত ও তার পরিবারের ছবি দেওয়া হয়নি)