২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে সালিশে এসে ইউপি কার্যালয়ে ভাংচুর

নীলফামারীর ডিমলা উপজেলায় পারিবারিক দ্বন্দ্বের মীমাংসা করতে এসে ইউনিয়ন পরিষদ কার্যালয় ভাংচুর চালিয়েছে স্থানীয়রা।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2014, 07:57 PM

Updated : 22 Aug 2022, 07:06 PM

শুক্রবার রাতে উপজেলার খালিশা চাপানী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এঘটনা ঘটে।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল হুদা জানান, সালিশে অংশ নেয়া লোকজন পরিষদ ভবনের দরজা-জানালা ও কম্পিউটারসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করেছে। এতে পরিষদের প্রায় সোয়া লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।

সামসুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৩ বছর আগে খালিশা চাপানী ইউনিয়নের ডালিয়া গ্রামের মজিবর রহমানের ছেলে সামিনুর রহমানের (৩৫) সঙ্গে একই গ্রামের তমিজ উদ্দিনের মেয়ে বিজলী আক্তারের (৩০) বিয়ে হয়। সম্প্রতি তাদের মধ্যে দাম্পত্য কলহ দেখা দিলে তা নিয়ে শুক্রবার রাতে সাবেক চেয়ারম্যান ময়নুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশ বৈঠকে বসেন তিনি।

“সালিশের এক পর্যায়ে সামিনুরের বাবা বিজলীর বাবার দিকে চেয়ার ছুড়ে মারলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এসময় ইউপি কার্যালয়ের কম্পিউটার, প্রজেক্টর, চেয়ার, টেবিল, দরজা, জানালাসহ ভাঙচুর করা হয়।”

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ইউপি চেয়ারম্যান বলেন, ভাংচুরের ঘটনায় পরিষদের প্রায় এক লাখ ২২ হাজার পাঁচশত টাকার ক্ষতি হয়েছে। এঘটনায় ইউনিয়ন পরিষদের সচিব রফিকুল ইসলাম বাদি হয়ে মামলা করবেন।

এবিষয়ে ডিমলা থানার ওসি শওকত আলী জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।