মাগুরায় ‘হিন্দু-বৌদ্ধ-খ্রিস্ট্রান ঐক্য পরিষদ’ নেতা খুন
মাগুরার মহম্মদপুর উপজেলায় ‘বর্গাচাষের জমির ভাগ-বাটোয়ারা’ নিয়ে বিরোধে খুন হয়েছেন হিন্দু-বৌদ্ধ- খ্রিস্ট্রান ঐক্য পরিষদের এক নেতা।
শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার নারায়ণপুর গ্রামে ওই হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত পংকজ বসু (৫২) মহম্মদপুর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্ট্রান ঐক্য পরিষদের কার্যনির্বাহী সদস্য।
সংগঠনটির উপজেলা পরিষদের সভাপতি ও নিহতের প্রতিবেশী ডা. রবিন বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একই গ্রামের আক্কাস মিয়া পংকজ বসুর জমি বর্গা চাষ করতেন। কিন্তু বেশ কিছুদিন ধরে ওই জমির মালিকানা ভাগের ফসল দিতে আক্কাস টালবাহানা করছিল।
তিনি বলেন, “এর জের ধরেই রাতে বাড়ি ফেরার পথে গ্রামের মধ্যপাড়া জামে মসজিদের পাশে পংকজকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে বর্গাচাষী আক্কাস ও তার সহযোগী আশিকুল, সাইফুলসহ ৭/৮জন দুর্বৃত্ত।”
তিনি জানান, গুরুতর আহত অবস্থায় পঙ্কজকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠান। সেখানে রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় পঙ্কজ মারা যান।
এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবী করেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নেতা রবিন।
এঘটনায় মহম্মদপুর থানায় মামলার প্রস্তুতি চলছে। রাতেই মাগুরার পুলিশ সুপার জিহাদুল কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
