২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ২ সহোদর শিশু হত্যা, আসামি গ্রেপ্তার

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় সহোদর দুই শিশু হত্যার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2014, 01:20 AM

Updated : 22 Aug 2022, 07:06 PM

শুক্রবার বিকালে উপজেলার পায়লাতলা গ্রামের একটি চিংড়ি ঘের থেকে মীরাজুল (১০) ও রিয়াজুল (৮) নামে দুই সহোদরের লাশ উদ্ধার করা হয়। তারা দুজন ওই গ্রামের লোকমান হোসেন বাবুর ছেলে।

গ্রেপ্তার বাচ্চু মৃধা (৪০) একই গ্রামেরই বাসিন্দা আব্দুল বারেকের ছেলে।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আসামি পালিয়ে যাচ্ছিল শুনে পুলিশ  অভিযান চালিয়ে খুলনার রুপসা থানা এলাকা থেকে তাকে রাত ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।” 

মোরেলগঞ্জ থানার ওসি মো. আসলাম খান বলেন, “দুপুরে চিংড়ি ঘেরে দুটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। বিকালে ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়। নিহত শিশু দুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।”

নিহতদের মা রওশন আরা বেগমের বরাত দিয়ে ওসি আসলাম জানান, বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার বাচ্চু লোকমানের বাসায় জুস নিয়ে যায়।  তখন লোকমান বাড়ি ছিল না। লোকমানের বউ রওশন জুস খাওয়ার পর অচেতন হয়ে পড়ার আগমুহুর্তে বাচ্চুর সঙ্গে মীরাজুল ও রিয়াজুলকে ধস্তাধস্তি করতে দেখেন।  জুসে ঘুমের ওষুধ মেশানো ছিল বলে মনে করছেন রওশন আরা।

পরে শুক্রবার সকালে চেতনা ফিরে এলে তিনি দুই সন্তান মীরাজুল ও রিয়াজুলকে খুঁজে না পেয়ে তাদের বাবা লোকমানকে জানান।

ওসি আসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপুরে চিংড়ি ঘেরে শিশু দুটির লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। বিকালে ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়। তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।”

এরপরেই লোকমান বাদি হয়ে প্রতিবেশী  বাচ্চুর নামে মোরেলগঞ্জ থানায় মামলা করেন।

লোকমানের সঙ্গে বাচ্চুর দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধ ছিল জানিয়ে পুলিশ কর্মকর্তা আসলাম বলেন, “ধারণা করছি এ কারণেই শিশু দুটিকে হত্যা করা হয়েছে। পুরো ঘটনা জানতে আসামিকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।”

পুরনো খবর:

বাগেরহাটে ২ সহোদর শিশুর লাশ উদ্ধার